• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মাদক ছাড়তে বলায় বিরোধ, স্বামীই কেড়ে নিলো গৃহবধূর প্রাণ!

ইলিয়াছ মাহমুদ, শরীয়তপুর

প্রকাশিত: ১০:০০, ৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মাদক ছাড়তে বলায় বিরোধ, স্বামীই কেড়ে নিলো গৃহবধূর প্রাণ!

শরীয়তপুরের ডামুড্যায় লামিয়া বৃষ্টি (১৯) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রবিউল ছৈয়ালের বিরুদ্ধে। সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কনেশ্বর ইউনিয়নের কনেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত রবিউলকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছয় বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে লামিয়ার সঙ্গে রবিউলের বিয়ে হয়। বিয়ের পর থেকে রবিউল মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সর্বশেষ এক সপ্তাহ আগে রবিউলকে মাদক সেবন ও বিক্রি বন্ধ করতে বলেন লামিয়া। তা না হলে বিবাহবিচ্ছেদ করবেন বলে জানিয়ে বাবার বাড়িতে চলে যান তিনি।

সোমবার পারিবারিক বিরোধ মীমাংসার কথা বলে লামিয়াকে রবিউলের বাড়িতে ডেকে নেওয়া হয়। পরে স্থানীয় সালিশের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। তবে সালিশ শেষে সবাই চলে গেলে লামিয়ার সঙ্গে রবিউলের আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লামিয়াকে পাশের বাড়ির একটি ডোবার কাছে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ডোবায় ফেলে রেখে পালিয়ে যান রবিউল বলে অভিযোগ উঠেছে। পরে লামিয়ার ছোট ভাই ওবায়দুল মাদবর তাকে খুঁজতে গিয়ে ডোবায় পড়ে থাকতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের মা শাহিদা আক্তার বলেন, বিয়ের পর থেকেই রবিউল মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। এসব বিষয়ে কথা বললে তিনি প্রায়ই তার মেয়েকে মারধর করতেন। এ ঘটনায় তারা থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন।

তিনি আরও বলেন, সর্বশেষ গত সপ্তাহে রবিউলকে বিবাহবিচ্ছেদের কথা জানিয়ে লামিয়া তাদের বাড়িতে চলে আসেন। পরে দুই পরিবারের সদস্যরা মীমাংসার কথা বলে তাকে রবিউলের বাড়িতে নিয়ে যান। সেখানে সালিশের মাধ্যমে বিরোধ মিটিয়ে তারা চলে আসেন। এর কিছুক্ষণ পরই মেয়েকে গলা কেটে হত্যার খবর পান তারা। মেয়ের হত্যাকারীর বিচার দাবি করেন শাহিদা আক্তার।

এ বিষয়ে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার পরপরই মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্ত রবিউলকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত