• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

পায়ুপথে দেড় কোটি টাকার স্বর্ণের পেস্ট পাচার করছিলো ভারতীয় নাগরিক!

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫৫, ৩ নভেম্বর ২০২৬

আপডেট: ০৯:৫৭, ৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পায়ুপথে দেড় কোটি টাকার স্বর্ণের পেস্ট পাচার করছিলো ভারতীয় নাগরিক!

সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ১ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের স্বর্ণের পেস্টসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার কাছ থেকে ৮১৩ দশমিক ৫০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের পেস্ট জব্দ করা হয়েছে। বিজিবির দাবি, আটক ব্যক্তি পায়ুপথে স্বর্ণের পেস্টগুলো পাচারের উদ্দেশে বহন করছিলেন।

সোমবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এক ভারতীয় পাসপোর্টধারী ব্যক্তি শুল্ক-কর ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণের বড় চালান পাচার করতে পারেন- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল। এ সময় ইমিগ্রেশনসংলগ্ন বিজিবি চেকপোস্ট এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম জহির শাহ গোলাম হোসেন (৪৩)। তিনি ভারতের মুম্বাইয়ের ছিতাক্যাম্প এলাকার গোলাম হোসেন শের খানের ছেলে। তার কাছে পাসপোর্টও ছিলো।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণ পাচারের কথা অস্বীকার করেন ওই ব্যক্তি। পরে তাকে শারীরিক পরীক্ষার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষার পর তার পায়ুপথে বহন করা দুটি স্বর্ণের পেস্ট জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের পেস্টের মোট ওজন ৮১৩ দশমিক ৫০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত