মধুপুরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদফতর
টাঙ্গাইলের মধুপুরে পরিবেশগত ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৩ নভেম্বর) টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে ও সদর দপ্তরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার ১২০ ফিট ফিক্সড চিমনি ও কিলন এক্সকাভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। সেই সঙ্গে ভাটাটির যাবতীয় কার্যক্রম তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ বন্ধ করার কঠোর নির্দেশনা প্রদান করে আদালত।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, পরিদর্শক মো. নুরুল আমিন প্রধানসহ অন্যান্য কর্মকর্তারা।
মোবাইল কোর্ট পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সুরক্ষায় বাংলাদেশ পুলিশ, এসআরবি-১৪ এবং মধুপুর ফায়ার সার্ভিসের একটি চৌকস টিম দায়িত্ব পালন করে।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানান, টাঙ্গাইল জেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও বায়ুদূষণ প্রতিরোধে পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের উচ্ছেদ অভিযান ও কঠোর আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।
বিভি/এজেড













মন্তব্য করুন: