মুচলেকায় মুক্তি পেলেন সাংবাদিক রাজীব ঘোষ
জুলাই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো ইকবাল সোবহান চৌধুরীকে
ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে জুলাই আন্দোলনে সংঘটিত হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। যাত্রাবাড়ী থানায় দায়ের করা ২০২৪ সালের একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে ডিবি হেফাজতে নেওয়া ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার দিনগত (৫ নভেম্বর) রাত সোয়া ১টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ২০২৪ সালের ২৬ আগস্ট মামলাটি দায়ের করা হয়।
ডিবি প্রধান আরও জানান, ডিবি কার্যালয়ে আনা ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে।
এর আগে বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে ডিবি হেফাজতে নেওয়া হয়।
উল্লেখ্য, এর আগে গত ১৫ এপ্রিল সৌদি আরব যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল ইকবাল সোবহান চৌধুরীকে। সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার জেদ্দা যাওয়ার কথা ছিল। তবে কী কারণে তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকটা আড়ালে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ওই বছরের সেপ্টেম্বরে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে তাকে জাতীয় প্রেস ক্লাবে দেখা গিয়েছিল।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: