হাসিনা পরিবারের বিরুদ্ধে আরও ৩৭ মামলার আভাস দিলেন দুদক সচিব
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আরও ৩৭টি মামলা হতে পারে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার ভিত্তিতেই মামলার সংখ্যা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
দুদক সচিব বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সংস্থাটির কাছে মোট ১৯টি অভিযোগ রয়েছে। এর মধ্যে সাতটি অভিযোগের বিষয়ে মামলার মাধ্যমে কার্যক্রম নিষ্পত্তি হয়েছে। বাকি ১২টি অভিযোগ এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
তিনি জানান, এসব অভিযোগের মধ্যে বিভিন্ন ঘটনা আলাদাভাবে বিবেচনা করলে আরও ৩৭টি মামলা করা সম্ভব। তবে সব অভিযোগের ভিত্তিতে মামলা হবে কি না, তা নির্ভর করছে চলমান তদন্তের ফলাফলের ওপর।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাইদুর রহমান খান বলেন, ‘এটা যেহেতু আমাদের তদন্ত চলমান আছে, যদি অভিযোগগুলো প্রমাণিত হয় সংখ্যাটা কম-বেশি হতে পারে।’
বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, দেশের ৬৪ জেলায় নির্মিত মুজিব ম্যুরাল নিয়ে চাইলে ৬৪টি পৃথক মামলা করা যেত। তবে তদন্তের ফলাফল ও অভিযোগের ধরন বিবেচনা করেই মামলার সংখ্যা নির্ধারণ করা হবে।
দুদক সচিব আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ পর্যন্ত মোট ২৪টি মামলা করেছে দুদক। এর মধ্যে ১৭টি মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে। বাকি সাতটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।
এদিকে, পূর্বাচলে প্লট বরাদ্দসংক্রান্ত ছয়টি মামলার রায় হয়েছে বলেও জানান তিনি।
বিভি/টিটি













মন্তব্য করুন: