৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রড বাবুল গ্রেফতার
কিশোরগঞ্জে অস্ত্র মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বাবুল হোসেন ওরফে রড বাবুলকে (৩১) গ্রেফতার করেছে পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জের একটি আভিযানিক দল।
সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার যশোদল পাকার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. বাবুল হোসেন ওরফে রড বাবুল কিশোরগঞ্জ সদর উপজেলার দনিয়ারচর এলাকার মোবারক আলীর ছেলে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে এসআরবি-১৪ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাবুল হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ থানায় দায়ের করা একটি অস্ত্র মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। ২০১২ সালের ওই মামলায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় তাকে এ সাজা দেওয়া হয়। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে এসআরবি-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জের একটি আভিযানিক দল। পরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিভি/এমএইচ/এজেড













মন্তব্য করুন: