‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’, হুমকি দেওয়া সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ফেসবুকে হুমকি দিয়ে স্ট্যাটাস দেওয়ার ঘটনায় আলোচনায় আসা হবিগঞ্জের মাধবপুর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের আহ্বায়ক আতাউস সামাদ বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সম্প্রতি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া তার একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ওই পোস্টে পুলিশ কর্মকর্তাদের নাম-পরিচয় সংরক্ষণ করে রাখার কথা উল্লেখ করেন তিনি। একই সঙ্গে অবসরের পরও তাদের শান্তিতে বাড়ি ফিরতে না দেওয়ার হুমকি দেন। স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেসবুক স্ট্যাটাসে আতাউস সামাদ বাবু দাবি করেন, শনিবার সন্ধ্যায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই দেলোয়ার তাকে আবারও গ্রেফতার করতে বাড়িতে যান। তবে ওই সময় তাকে বাড়িতে পাওয়া যায়নি। এর কিছুক্ষণ পর সিরাজ নামে এক ব্যক্তির গ্রেফতারের খবর পান বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি।
পোস্টে বাবু লেখেন, ‘দেলোয়ার সাহেবদের নাম-ঠিকানা আমরা রাখছি, কারণ তারাও পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবে না ইনশাল্লাহ।’
এ ছাড়া তিনি লেখেন, ‘আমরা আরও কয়েকবার জেল মেনে নিয়েই রাজনীতি করছি। সবাই দোয়া করবেন আমার জন্য।’
বিভি/টিটি













মন্তব্য করুন: