• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

পা টিপে দেওয়ার কথা বলে ঘরে ডেকে শিশু ধর্ষণ, মামা আটক

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪১, ২২ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:৪১, ২২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পা টিপে দেওয়ার কথা বলে ঘরে ডেকে শিশু ধর্ষণ, মামা আটক

দিনাজপুরের হিলিতে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার মামাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির দাদা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন। রবিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার নিজ বাড়ি থেকে অভিযুক্ত তাজেল তালুকদারকে (৫৫) আটক করা হয়। তিনি উপজেলার মৃত মইনুদ্দিন তালুকদারের ছেলে। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিশুটির মা চাকরির সুবাদে সৌদি আরবে এবং বাবা ঢাকায় অবস্থান করেন। দুই বোন ও এক ভাইয়ের সঙ্গে শিশুটি নানাবাড়িতে থাকত। অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে শিশুটির মামা। তারা একই বাড়ির পাশাপাশি ঘরে বসবাস করতেন।

এজাহারে উল্লেখ করা হয়, অভিভাবকহীন থাকার সুযোগে শুক্রবার রাতে পা টিপে দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নেন তাজেল। পরে ফুসলিয়ে ও ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা এসে তাকে উদ্ধার করেন।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়ার কথা জানায় পুলিশ। ঘটনার গুরুত্ব বিবেচনায় অভিযুক্ত ব্যক্তি ও শিশুটিকে থানায় নিয়ে আসা হয়। পরে শিশুটির বাবা ও দাদা থানায় উপস্থিত হলে দাদা বাদী হয়ে এজাহার দায়ের করেন। এরপর পুলিশ মামলা রেকর্ড করে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/হিলি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত