গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল পুলিশ সদস্যের
নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবলের। এ সময় তার সঙ্গে থাকা এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) ওপরও হামলা হয়।
রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, একজন এএসআই ও কনস্টেবল আনোয়ার সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য হাশেমবাগ এলাকায় যান। এ সময় কয়েকজন তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার নিহত হন।
তিনি আরও জানান, ঘটনার সময় আনোয়ারের সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তার দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচেন। তবে তার শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক স্পট রয়েছে। এর আগে সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে। কনস্টেবল আনোয়ারের ওপর হামলার পেছনে মাদক কারবারিদের কোনো চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: