• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশ হত্যা মামলায় মূল অভিযুক্ত ডেভিডসহ গ্রেফতার ৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৯, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নারায়ণগঞ্জে পুলিশ হত্যা মামলায় মূল অভিযুক্ত ডেভিডসহ গ্রেফতার ৬

নারায়ণগঞ্জে পুলিশ সদস্য আনোয়ার মোল্লা হত্যা মামলায় মূল অভিযুক্ত রিয়াজ ওরফে ডেভিডসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় পালানোর চেষ্টা করলে ডেভিড পুলিশের গুলিতে আহত হয়। অভিযানে পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) নন্দন ও রফিকও আহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ এবং সহযোগী সামাদসহ চারজন। তাদের মধ্যে ডেভিড পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায়। এতে তার পায়ে গুলি লাগে বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া এসআরবির পৃথক একটি দল আদর ও আজাদ নামে আরও দুজনকে গ্রেফতার করেছে বলে জানান হাসিনুজ্জামান।

তিনি বলেন, পুলিশ ও এসআরবির দল অভিযান চালিয়ে মোট ছয়জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে আব্দুল্লাহকে মুন্সীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। বাকিদের ফতুল্লা থানার দেওভোগ, নাগবাড়িসহ আশপাশের এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে পরে জেলা পুলিশ সুপার সাংবাদিকদের ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানাবেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এর আগে, গত ২২ নভেম্বর রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সাদা পোশাকে ওয়ারেন্টের তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির কনস্টেবল আনোয়ার মোল্লা। এ ঘটনায় পরদিন ফতুল্লা মডেল থানায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়।

বিভি/নারায়ণগঞ্জ/পিএইচ

মন্তব্য করুন: