কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ সদস্যসহ রাজধানীতে গ্রেফতার ৪৯৭
রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের ৪৯ সদস্য রয়েছেন। বিভিন্ন থানা এলাকায় চালানো এসব অভিযানে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র, হাতবোমা ও মাদকদ্রব্য জব্দের পাশাপাশি ৪৪টি মামলা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর আটটি অপরাধ বিভাগে একযোগে অভিযান চালিয়ে নানা আলামতসহ ওই ৪৯৭ জনকে ধরা হয়। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ১০০ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, উত্তরা বিভাগে ৪২ জন, গুলশান বিভাগে ৪১ জন এবং রমনা বিভাগে ৩০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযানে জব্দ হওয়া অস্ত্র ও বিস্ফোরকের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, চারটি রামদা, তিনটি ছুরি, একটি দা ও একটি চাপাতি। পাশাপাশি পাঁচটি অবিস্ফোরিত হাতবোমা ও তিনটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।
একই সময়ে মাদকবিরোধী তল্লাশিতে ৫২২ পিস ইয়াবা ও আট বোতল বিদেশি মদ জব্দ করে পুলিশ। এর বাইরেও এক লিটার পেট্রল, নগদ এক হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিভি/এসজি













মন্তব্য করুন: