মার্চে চট্টগ্রাম বন্দরে ২৭ জাহাজ থেকে জ্বালানি খালাস, আসছে আরো দুই জাহাজ
চলতি মার্চ মাসে চট্টগ্রাম বন্দরে ২৭টি জাহাজ থেকে জ্বালানি পণ্য খালাস সম্পন্ন হয়েছে। খালাসের অপেক্ষায় রয়েছে আরো দুইটি জাহাজ। এরমধ্যে বেশির ভাগ জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হওয়ার আগেই সাগরের ওই অংশ অতিক্রম করে।
চট্টগ্রাম বন্দরের সর্বশেষ তথ্য অনুসারে, মার্চের প্রথম সপ্তাহ থেকে এ পর্যন্ত বন্দরে ২৭টি জাহাজ থেকে জ্বালানি খালাসের কাজ শেষ হয়েছে এবং এরই মধ্যে জাহাজগুলো চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে।
এদিকে, বুধবার (২৫ মার্চ) এলপিজি নিয়ে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর থেকে বিওয়েক বর্নহোম ও মালয়েশিয়া থেকে মর্নিং জেন নামে আরো দুইটি ট্যাঙ্কার চট্টগ্রাম বন্দরের জলসীমায় এসেছে। এর আগে, সোমবার ওমান থেকে আসা ‘এলপিজি সেভান’ জাহাজ থেকে এলপিজি গ্যাস খালাস হয়।
ইতিমধ্যে যে ২৯টি জাহাজ জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে তার মধ্যে কাতার, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ওমান, ভারত, অষ্ট্রেলিয়া, অ্যাঙ্গোলা ও থাইল্যান্ড থেকে যাত্রা শুরু করা জাহাজ আছে।
এর মধ্যে ছয়টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), সাতটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), একটি ক্রুড অয়েল (অপরিশোধিত তেল), পাঁচটি গ্যাস অয়েল (হালকা জ্বালানি তেল), তিনটি বেইস অয়েল, চারটি এইচএসএফও (হাই সালফার ফুয়েল অয়েল) ও একটি এমইজিবাহী জাহাজ আছে। আগামী কয়েকদিনের মধ্যে জ্বালানি নিয়ে আরো দুইটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানিবাহী ট্যাঙ্কারগুলোকে বার্থিং সুবিধা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
বিভি/এসজি



মন্তব্য করুন: