বাসভাড়া বাড়ানোর প্রস্তাব, সিদ্ধান্ত জানাবে মন্ত্রণালয়
জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া দূরপাল্লার পথে কিলোমিটার প্রতি ২০ পয়সা এবং রাজধানীসহ শহরাঞ্চলে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে বিআরটিএর বনানী কার্যালয়ে বাসভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা অংশ নেন।
বিআরটিএ সূত্র জানিয়েছে, বাসের ভাড়া কতটা বাড়ানো হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সড়ক পরিবহন মন্ত্রণালয়। পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
ভাড়া নির্ধারণের ক্ষেত্রে বিআরটিএর ব্যয় বিশ্লেষণ কমিটি জ্বালানি ও অন্যান্য পরিচালন ব্যয় বিবেচনা করে থাকে। তবে এবার অন্যান্য খরচ যুক্ত না করে শুধু জ্বালানির দাম বাড়ার বিষয়টি বিবেচনায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ ডিজেলের দাম যতটা বেড়েছে, সেই অনুপাতে বাসভাড়া সমন্বয়ের প্রস্তাব করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সাধারণ হিসাবে ডিজেলের দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে বাসভাড়া কিলোমিটার প্রতি প্রায় ১ পয়সা বাড়ে। এবার ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানো হয়েছে। এর ভিত্তিতেই দূরপাল্লার বাসে কিলোমিটার প্রতি ২০ পয়সা এবং শহরাঞ্চলে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
এর আগে বিআরটিএর বৈঠকের আগে পরিবহন মালিক-শ্রমিক নেতারা সড়ক পরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে দেখা করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসভাড়া সমন্বয়ের আবেদন জানান।
বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। দু-এক দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেন, আগেরবার শুধু জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বিবেচনায় নিয়ে ভাড়া সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে যন্ত্রাংশসহ অন্যান্য পরিচালন ব্যয়ও বেড়েছে। তবে যাত্রীদের কথা বিবেচনায় নিয়ে এবার শুধু জ্বালানির মূল্যবৃদ্ধির হারের ভিত্তিতেই ভাড়া বাড়ানোর বিষয়ে তারা একমত হয়েছেন।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করেছে সরকার।
এর আগে চলতি বছরের এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হলে বাসভাড়া কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল।
বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটার প্রতি ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪২ পয়সা। দূরপাল্লার পথে ৫২ আসনের বাসে কিলোমিটার প্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা।
তবে দূরপাল্লার অনেক নন-এসি বাসে আসন কমিয়ে ৪০ বা তারও কম করা হয়েছে। এসব বাসে প্রস্তাবিত ভাড়ার পাশাপাশি সেতু ও সড়কের টোলও যুক্ত হবে।
বিভি/টিটি













মন্তব্য করুন: