• NEWS PORTAL

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

করছাড়ের সুখবর, ৪ দিনের মধ্যে রিটার্ন দিলে মিলবে বিশেষ সুবিধা

প্রকাশিত: ১৯:৩৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
করছাড়ের সুখবর, ৪ দিনের মধ্যে রিটার্ন দিলে মিলবে বিশেষ সুবিধা

আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে করদাতাদের জন্য বিশেষ করছাড়ের সুযোগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এই সুবিধা সবার জন্য প্রযোজ্য হবে না। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিয়ে পরিশোধযোগ্য কর পরিশোধ করলেই নির্দিষ্ট হারে করছাড় পাওয়া যাবে।

এনবিআরের নিয়ম অনুযায়ী, গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সময়ে কোনো করদাতার করযোগ্য আয় যদি ৭ লাখ টাকা হয়, তাহলে প্রথম ৪ লাখ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। বাকি ৩ লাখ টাকার ওপর ১০ শতাংশ হারে কর হিসাব করলে পরিশোধযোগ্য কর দাঁড়ায় ৩০ হাজার টাকা।

এই ৩০ হাজার টাকা কর রিটার্ন জমা দেওয়ার সময় পরিশোধ করে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে ৫ শতাংশ করছাড় পাওয়া যাবে। অর্থাৎ, ৩০ হাজার টাকার ৫ শতাংশ হিসেবে ১ হাজার ৫০০ টাকা ছাড় মিলবে। ফলে ওই করদাতাকে দিতে হবে ২৮ হাজার ৫০০ টাকা।

নতুন নিয়মে রিটার্ন দাখিলের সময় পরিশোধযোগ্য করের ওপরই এই করছাড় দেওয়া হচ্ছে। সারা বছর বিভিন্ন মাধ্যমে আগেই পরিশোধ করা করের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না।

যেমন, সঞ্চয়পত্রের মুনাফা পাওয়ার সময় কেটে রাখা অগ্রিম কর, ব্যাংকের এফডিআরের মুনাফা তোলার সময় কাটা উৎসে কর কিংবা বেতন-ভাতার ওপর প্রতি মাসে পরিশোধ করা অগ্রিম কর—এসব করের ওপর করছাড় পাওয়া যাবে না।

এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) মানুষের সংখ্যা প্রায় ১ কোটি ৩০ লাখ। চলতি অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে প্রায় ৪ লাখ ৫০ হাজার রিটার্ন জমা পড়েছে। সেপ্টেম্বর মাসের রিটার্ন জমার হালনাগাদ হিসাব এখনো চূড়ান্ত করেনি এনবিআর। গত অর্থবছরে দেশে মোট ৪৯ লাখ ৫৫ হাজার রিটার্ন জমা পড়েছিল।

চলতি অর্থবছরে রিটার্ন জমার সময় অনুযায়ী করদাতাদের জন্য করছাড় ও অতিরিক্ত কর পরিশোধের নিয়ম নির্ধারণ করা হয়েছে।

জুলাই থেকে সেপ্টেম্বর: পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা—যেটি কম, সেই পরিমাণ করছাড় পাওয়া যাবে।

অক্টোবর থেকে ডিসেম্বর: কোনো করছাড় বা প্রণোদনা নেই। রিটার্নে যে পরিমাণ কর পরিশোধযোগ্য হবে, সেটিই দিতে হবে।

জানুয়ারি থেকে মার্চ: পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা—যেটি বেশি, সেই পরিমাণ অর্থ দিতে হবে।

এপ্রিল থেকে জুন: পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা—যেটি বেশি, সেই পরিমাণ অর্থ দিতে হবে।

এ ছাড়া পাঁচ শ্রেণির করদাতা ছাড়া অন্য সব করদাতার জন্য এবারও অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত