বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর, মিলবে নতুন প্রণোদনা
বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন বাড়াতে নতুন প্রণোদনা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাংলা কিউআরভিত্তিক লেনদেনে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানকে মোট ৬ টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে।
এর মধ্যে অ্যাকুয়ারিং প্রতিষ্ঠান—অর্থাৎ লেনদেন সম্পন্নকারী প্রতিষ্ঠান—পাবে লেনদেনের ০.১০ শতাংশ বা সর্বোচ্চ ২ টাকা। আর ইস্যুয়িং প্রতিষ্ঠান—গ্রাহকের হিসাব বা কার্ড প্রদানকারী প্রতিষ্ঠান—পাবে ০.২০ শতাংশ বা সর্বোচ্চ ৪ টাকা। এ প্রণোদনার অর্থ সরাসরি গ্রাহক বা বিক্রেতা পাবেন না।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি), পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) এবং আন্তর্জাতিক পেমেন্ট স্কিমগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাংলা কিউআর কোডভিত্তিক এনপিএসবি লেনদেনের বিপরীতে মাসিক ভিত্তিতে প্রণোদনা দেওয়া হবে। কোনো লেনদেনের পরিমাণ ২ হাজার টাকা হলে অ্যাকুয়ারিং প্রতিষ্ঠান পাবে ২ টাকা এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান পাবে ৪ টাকা। একইভাবে ১ হাজার টাকার লেনদেনে অ্যাকুয়ারিং প্রতিষ্ঠান পাবে ১ টাকা এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান পাবে ২ টাকা।
বাংলাদেশ ব্যাংকের এই প্রণোদনার আওতায় থাকবেন ব্যক্তিক রিটেইল হিসাবের মাধ্যমে অনবোর্ড করা ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবা প্রদানকারী মার্চেন্ট পয়েন্ট। এর পাশাপাশি ট্রেড লাইসেন্সধারী অন্যান্য সব মার্চেন্ট পয়েন্টে সম্পন্ন হওয়া বাংলা কিউআর কোডভিত্তিক এনপিএসবি লেনদেনও এ সুবিধার আওতায় আসবে।
এর আগে গত ১০ আগস্ট জারি করা পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২-এর সার্কুলার লেটারের ২ নম্বর অনুচ্ছেদে বাংলা কিউআর লেনদেনের জন্য প্রণোদনার বিধান করা হয়েছিল। নতুন সার্কুলারের মাধ্যমে ওই অনুচ্ছেদ প্রতিস্থাপন করে প্রণোদনার আওতা আরও বাড়ানো হয়েছে।
ফলে এখন ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবা প্রদানকারীদের পাশাপাশি ট্রেড লাইসেন্সধারী অন্যান্য মার্চেন্ট পয়েন্টেও বাংলা কিউআরভিত্তিক এনপিএসবি লেনদেনে এ প্রণোদনা সুবিধা প্রযোজ্য হবে।
বিভি/টিটি













মন্তব্য করুন: