• NEWS PORTAL

  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

পূজায় ২ ঘণ্টা বেশি সময় দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা

প্রকাশিত: ২২:০৭, ৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
পূজায় ২ ঘণ্টা বেশি সময় দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা

দুর্গাপূজা উপলক্ষে দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকান রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

আগামী ৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত অতিরিক্ত দুই ঘণ্টা দোকান খোলা রাখার অনুমতি চেয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছে সংগঠনটি।

রবিবার (৪ অক্টোবর) দেওয়া চিঠিতে দোকান মালিক সমিতি জানায়, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী দীর্ঘদিন ধরে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করে আসছেন ব্যবসায়ীরা। তবে বৈশ্বিক অর্থনৈতিক ও জ্বালানি সংকটের প্রভাবে দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করছে। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সংগঠনটির দাবি, ঈদ ও দুর্গাপূজার মতো উৎসবকে কেন্দ্র করে সাধারণত বাজারে কেনাকাটা বাড়ে। তাই উৎসবের সময়ে ব্যবসার সুযোগ কাজে লাগাতে দোকানপাট খোলার সময় কিছুটা বাড়ানো প্রয়োজন।

চিঠিতে আরও বলা হয়, উৎসবের আগে দোকানপাট খোলা রাখার সময় বাড়ানোর বিষয়ে মন্ত্রী ব্যবসায়ীদের আশ্বস্ত করেছিলেন। বর্তমানে জ্বালানি সংকট ও বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতিও আগের তুলনায় নিয়ন্ত্রণে এসেছে। এ অবস্থায় দুর্গাপূজা উপলক্ষে সীমিত সময়ের জন্য দোকান খোলার সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

দোকান মালিক সমিতি বলেছে, দেশের সংকটকালীন সময়ে জ্বালানি সাশ্রয়ে ব্যবসায়ীরা সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করেছেন। এখন বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি এবং পূজা উপলক্ষে কেনাকাটা বাড়ার সম্ভাবনা থাকায় দুই ঘণ্টা অতিরিক্ত দোকান খোলার সুযোগ পেলে ব্যবসায়ীরা উপকৃত হবেন।

এ কারণে আগামী ৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দেশের দোকান, মার্কেট ও বিপণিবিতান খোলা রাখার বিষয়ে মন্ত্রণালয়ের প্রয়োজনীয় নির্দেশনা চেয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

বিভি/টিটি

মন্তব্য করুন: