• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রকাশিত: ২১:৫৯, ৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় দুই ঘণ্টা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ অক্টোবর পর্যন্ত এসব প্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে। চিঠিটি সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

এর আগে সরকারি নির্দেশনা অনুযায়ী, এসব প্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নিয়ম ছিল। নতুন সিদ্ধান্তের ফলে পূজা উপলক্ষে সাময়িকভাবে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার সময় দুই ঘণ্টা বাড়ল।

আগামী ২৩ অক্টোবর থেকে আগের সময়সূচি আবার কার্যকর হবে। অর্থাৎ ওইদিন থেকে শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।

এবার ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ২১ অক্টোবর বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। তবে সরকারি ছুটির সময়সূচি অনুযায়ী, ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে।

বিভি/টিটি

মন্তব্য করুন: