• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ইউরোর বড় দরপতন, ১৯ মাসের মধ্যে সর্বনিম্ন

প্রকাশিত: ০০:৪১, ৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ইউরোর বড় দরপতন, ১৯ মাসের মধ্যে সর্বনিম্ন

মার্কিন ডলারের বিপরীতে ইউরোর দর উল্লেখযোগ্যভাবে কমে ১৯ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ইউরোপের সরকারি অর্থব্যবস্থা নিয়ে উদ্বেগ, রাজনৈতিক অনিশ্চয়তা এবং শক্তিশালী ডলারের প্রভাবে ইউরোর ওপর বিনিয়োগকারীদের আস্থা কমেছে।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে ইউরোর দর ০ দশমিক ৬ শতাংশ কমে ১ দশমিক ১১৬৪ ডলারে নেমে আসে। ২০২৫ সালের মার্চের পর এটিই ইউরোর সর্বনিম্ন দর।

ফ্রান্সের আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ ইউরোর দরপতনের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে ইউরোজোনের অন্যান্য উচ্চ ঋণগ্রস্ত দেশে ফ্রান্সের অর্থনৈতিক চাপ ছড়িয়ে পড়ার আশঙ্কাও বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে। এর সঙ্গে শক্তিশালী ডলার ইউরোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।

এর আগে গত শুক্রবার ফ্রান্সের সরকারি বন্ডের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়। এ সময় ফ্রান্স ও জার্মানির ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদের হারের ব্যবধান একপর্যায়ে বেড়ে ১৫৯ বেসিস পয়েন্টে পৌঁছায়। পরে বাজার বন্ধ হওয়ার সময় তা কমে প্রায় ১৪১ বেসিস পয়েন্টে নেমে আসে।

এদিকে ফ্রান্সের ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদের হার সাময়িকভাবে প্রায় ৫ শতাংশে উঠে যায়। এতে ফরাসি সরকারি ঋণ ধরে রাখার ঝুঁকির বিপরীতে বিনিয়োগকারীরা তুলনামূলক বেশি মুনাফা দাবি করছেন—এমন ইঙ্গিত পাওয়া যায়।

আনাদোলুর প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফ্রান্সের দুর্বল আর্থিক পরিস্থিতির পাশাপাশি ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তা নিয়েও উদ্বেগ বাড়ছে। এতে দেশটির অর্থনৈতিক সংকট ইউরোজোনের অন্যান্য উচ্চ ঋণগ্রস্ত দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের তথ্য প্রত্যাশার চেয়ে দুর্বল হওয়ার পরও ডলারের দর শক্তিশালী হয়েছে। চলতি মাসে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমে গেলেও মার্কিন মুদ্রার এই শক্ত অবস্থান ইউরোর ওপর চাপ আরও বাড়িয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: