এক দিনেই রিজার্ভ বাড়লো ১২ কোটি ডলার!
প্রতীকী ছবি
এক দিনের ব্যবধানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে প্রায় ১২ কোটি ডলার। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনশেষে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী, রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩০ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে এ পরিমাণ ৩১ দশমিক ৫০ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রিজার্ভের হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বুধবার (১৪ অক্টোবর) নিজস্ব হিসাবে রিজার্ভ ছিলো ৩৬ দশমিক ১৯ বিলিয়ন ডলার। বিপিএম-৬ পদ্ধতিতে ছিল ৩১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। সে হিসাবে এক দিনে নিজস্ব হিসাবে রিজার্ভ বেড়েছে ১১ কোটি ডলার এবং বিপিএম-৬ হিসাবে বেড়েছে ১২ কোটি ডলার।
এর আগে ১১ অক্টোবর নিজস্ব হিসাবে রিজার্ভ ছিলো ৩৬ দশমিক ২১ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে ৩১ দশমিক ৪০ বিলিয়ন ডলার। ৮ অক্টোবর এ দুই হিসাবে রিজার্ভ ছিল যথাক্রমে ৩৬ দশমিক ১৫ বিলিয়ন ও ৩১ দশমিক ৩৪ বিলিয়ন ডলার।
তবে সেপ্টেম্বরের পরিসংখ্যানে রিজার্ভের ওঠানামা দেখা গেছে। গত ৮ সেপ্টেম্বর নিজস্ব হিসাবে রিজার্ভ ছিলো ৩৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে ৩১ দশমিক ৫২ বিলিয়ন ডলার। ২০ সেপ্টেম্বর তা কমে দাঁড়ায় যথাক্রমে ৩৬ দশমিক ৩০ বিলিয়ন ও ৩১ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে।
প্রবাসী আয় ও রফতানি আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের গুরুত্বপূর্ণ উৎস। তবে রিজার্ভের স্থিতি আমদানি ব্যয়, বৈদেশিক ঋণ পরিশোধসহ বিভিন্ন বৈদেশিক লেনদেনের ওপরও নির্ভরশীল।
বিভি/এমআর













মন্তব্য করুন: