• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

করদাতাদের সুখবর! জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমার সময় বাড়লো

প্রকাশিত: ২২:৩৩, ১৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
করদাতাদের সুখবর! জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমার সময় বাড়লো

জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ অক্টোবর পর্যন্ত কোনো সুদ ও জরিমানা ছাড়াই এসব কর মেয়াদের ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমানের (মূসক: মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয়) সই করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বাজেট ২০২৬-২৭-এ ভ্যাট রিটার্ন দাখিলসংক্রান্ত বিধান সংশোধন করে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার পর ভ্যাট রিটার্ন দাখিলের ব্যবস্থা চালু করা হয়েছে। এ কারণে এনবিআরের ই-ভ্যাট ব্যবস্থায় কিছু প্রশাসনিক সংস্কার প্রয়োজন।

এ পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার ২ উপধারায় দেওয়া ক্ষমতাবলে রিটার্ন জমার সময় বাড়ানো হয়েছে। ফলে বর্ধিত সময়সীমার মধ্যে অর্থাৎ ২৫ অক্টোবর পর্যন্ত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন জমা দেওয়া যাবে। এ ক্ষেত্রে কোনো সুদ বা জরিমানা দিতে হবে না।

এদিকে, ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। নতুন বিধান অনুযায়ী, সাধারণ নিবন্ধিত, তালিকাভুক্ত, নিবন্ধনযোগ্য বা তালিকাভুক্তিযোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে।

তবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সময়সীমা ২০ দিন। অর্থাৎ, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার ২০ দিনের মধ্যে রিটার্ন জমা দিতে পারবে।

বিভি/টিটি

মন্তব্য করুন: