টানা দুই মাস অপরিবর্তিত জ্বালানি তেলের দাম
ফাইল ছবি
নভেম্বর মাসে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের বর্তমান দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী মাসেও প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা ও কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত স্মারক জারি করা হয়। এতে গত ২০ সেপ্টেম্বর নির্ধারিত দাম বহাল রাখার সিদ্ধান্ত জানানো হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা স্মারকে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) গত ২৬ অক্টোবরের চিঠির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছিলো। নতুন দাম ১ অক্টোবর থেকে কার্যকর হয়। এরপর অক্টোবর মাসেও দাম অপরিবর্তিত রাখা হয়।
সর্বশেষ সিদ্ধান্তের ফলে টানা দ্বিতীয় মাসের মতো জ্বালানি তেলের দাম একই থাকছে।
বিভি/এমআর













মন্তব্য করুন: