বৈদেশিক মুদ্রা জমায় নতুন সুবিধা পেলেন লাইসেন্সধারী মানি চেঞ্জাররা
লাইসেন্সধারী মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা সহজ করতে বিশেষ হেফাজতি হিসাব (কাস্টডিয়াল অ্যাকাউন্ট) খোলার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ হিসাবে নির্ধারিত সীমার বাধ্যবাধকতা ছাড়াই বৈদেশিক মুদ্রা জমা রাখতে পারবেন মানি চেঞ্জাররা।
বুধবার (৪ নভেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, এসব হিসাব শুধুমাত্র বৈদেশিক মুদ্রার নোট নিরাপদে সংরক্ষণ, জমা ও উত্তোলনের কাজে ব্যবহার করা যাবে। এসব হিসাবের বিপরীতে কোনো সুদ দেয়া হবে না। নির্ধারিত সীমা নির্বিশেষে, ব্যবসায়িক লেনদেনের পরিমাণ ও ধরন যথাযথভাবে নথিভুক্ত রাখার শর্তে এসব হিসাবে বৈদেশিক মুদ্রা জমা করা যাবে।
নিরাপত্তা নিশ্চিত করতে মানি চেঞ্জারদের নগদ অর্থ পরিবহনের জন্য বৈধ ক্যাশ-ইন-ট্রানজিট (সিআইটি) বিমা রাখতে হবে। পাশাপাশি, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক নির্ধারিত সীমার অতিরিক্ত বৈদেশিক মুদ্রা পরিবহনের ক্ষেত্রে লাইসেন্সপ্রাপ্ত সিআইটি সেবা প্রদানকারী অথবা নিরাপত্তা প্রহরীসহ নিরাপদ পরিবহন ব্যবস্থা ব্যবহার করতে হবে। দিনের শেষভাগে বৈদেশিক মুদ্রা জমার সুবিধার্থে এডি ব্যাংকগুলোকে নিরাপদ কাউন্টার ও অস্থায়ী ভল্টের ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এসব হিসাবের মাধ্যমে অর্থ স্থানান্তর, রেমিট্যান্স লেনদেন এবং তৃতীয় পক্ষের অনুকূলে কোনো লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সব লেনদেন অবশ্যই বৈদেশিক মুদ্রার নোটের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে চেক বা উত্তোলন স্লিপের বিপরীতে এসব হিসাব থেকে অর্থ উত্তোলন করা যাবে। তবে উত্তোলনের পরিমাণ সংশ্লিষ্ট হিসাবের স্থিতির মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ওভারড্রাফট বা ঋণসুবিধা দেয়া যাবে না।
এই ব্যবস্থার কারণে মানি চেঞ্জাররা সারাদিনের লেনদেন শেষে তাদের অতিরিক্ত বা উদ্বৃত্ত নগদ বৈদেশিক মুদ্রা নিজের প্রতিষ্ঠানে বা ভল্টে না রেখে ব্যাংকের এই হিসাবে নিরাপদে জমা রাখতে পারবে। বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের ফলে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আরও নিরাপদ ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
বিভি/এমএফআর













মন্তব্য করুন: