বিজিএমইএ’র বিজ্ঞপ্তি
‘শ্রম অসন্তোষে ৩১৭ পোশাক কারখানার ক্ষতি ৫ হাজার কোটি টাকার বেশি’
তৈরি পোশাক খাতে শ্রম অসন্তোষের জেরে উৎপাদন বন্ধ ও কারখানার অন্যান্য ক্ষতি মিলিয়ে ৩১৭টি কারখানার সরাসরি ক্ষতি হয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ১৩৬ কোটি টাকা। এ ছাড়া এ সময়ে বাংলাদেশ থেকে অন্য দেশে সরে গেছে ২৫৪ মিলিয়ন ডলার বা প্রায় ৩ হাজার ৯৬ কোটি টাকার ক্রয়াদেশ। রবিবার (২২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গত অক্টোবর থেকে পোশাকশ্রমিকেরা আন্দোলনে নামলেও চলতি মাসের শুরু থেকে অসন্তোষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিজিএমইএ মূলত চলতি মাসের শুরু থেকে তৈরি হওয়া ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেছে।
ক্ষতির পরিমাণ নিরূপণে ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনে চলা অস্থিতিশীল পরিস্থিতি ও নানা বিঘ্নের কারণে কারখানাগুলো কী পরিমাণ ক্ষতির মুখে পড়েছে, তা জানতে সম্প্রতি সদস্য কারখানাগুলোতে চিঠি দেয় বিজিএমইএ। রবিবার পর্যন্ত ৩১৭টি কারখানার কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে এ হিসাব তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরাসরি ক্ষতির বাইরেও সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ ক্রয়াদেশ এখন চরম ঝুঁকির মুখে রয়েছে। রপ্তানি আদেশ ধরে রাখতে কারখানাগুলোকে ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানো (এয়ার শিপমেন্ট), বড় অঙ্কের মূল্যছাড় দেওয়া, এমনকি সরাসরি ক্রয়াদেশ বাতিলের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। তবে এসব ক্ষতি হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি।
বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়েছে, প্রকৃত ক্ষতির ভয়াবহতা আরও ব্যাপক। জরিপে উঠে আসা পরিসংখ্যান প্রকৃত ক্ষতির একটি খণ্ডচিত্র মাত্র। সংগঠনটির হিসাব অনুযায়ী, প্রকৃত ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি। অথচ স্বল্প সময়ের এই জরুরি জরিপে মাত্র ৩১৭টি কারখানা অংশ নিতে পেরেছে।
এ ছাড়া জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত থাকলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি এখনো চলমান রয়েছে। ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ জরিপে উঠে আসা হিসাবের চেয়েও বেশি বলে জানিয়েছে সংগঠনটি।
বিভি/অনলাইন/পিএইচ













মন্তব্য করুন: