• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

স্বর্ণের বাজারে বড় ধস: দাম নামলো ২ লাখের নিচে 

প্রকাশিত: ০০:৪৫, ২২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
স্বর্ণের বাজারে বড় ধস: দাম নামলো ২ লাখের নিচে 

স্বর্ণের বাজারে হঠাৎ বড় ধস নেমেছে। টানা নবমবারের মতো দেশের বাজারে সোনার দাম কমালো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ২২ ক্যারেটের ভালো মানের সোনার প্রতি ভরিতে ৬১৮২ কমিয়ে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে টানা দুই দিনে সোনার দাম কমলো ১৭ হাজার ১৪৬ টাকা।

শনিবার (২১ নভেম্বর) রাতে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় নতুন দাম নির্ধারণ করে সংগঠনটি। রবিবার (২২ নভেম্বর) থেকে সারাদেশে নতুন এই দর কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়। আর ২১ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা। আর ১৮ ক্যারেটের জন্য গুনতে হবে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা।

এদিকে গত ১৪ দিনে বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে ৯ দফা কমেছে দাম। আর সবশেষ ২ দফায় তো ২২ ক্যারেটের সোনার ভরিপ্রতি দাম এক ধাক্কায় নেমে গেছে ১৭ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে; তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী ক্রেতাদের মজুরি পরিশোধ করতে হবে।

এ ছাড়া মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে; তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

এই টানা দরপতন শুরুর আগে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা; অর্থাৎ এখনকার চেয়ে প্রায় ২৮ হাজার ৫১৮ টাকা বেশি। দেশের বাজারে সবশেষ ১৩ মাস আগে এমন দাম ছিল সোনার।

বিভি/টিটি

মন্তব্য করুন: