বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করলো ট্রাম্প
বাংলাদেশসহ ১৪ দেশ ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন করে শুল্ক আরোপের করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবে বাংলাদেশের পণ্যের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ শুল্ক নির্ধারণের কথা বলা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত শুল্কের মুখে পড়েছে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি চীন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে ভিয়েতনামের ওপর।
বুধবার (২৫ নভেম্বর) ট্রাম্প প্রশাসনের এ প্রস্তাবের মধ্য দিয়ে বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা নতুন করে বেড়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পরও সুরক্ষাবাদী বাণিজ্যনীতি থেকে সরে আসেননি ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দফতরের (ইউএসটিআর) আনুষ্ঠানিক বিবৃতিতে চীনের পণ্যের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। তবে বেইজিংয়ের সঙ্গে প্রায় এক বছর আগে হওয়া বাণিজ্যবিরতির চুক্তি অনুযায়ী, আপাতত চীনের ক্ষেত্রে শুল্কহার ২০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এ চুক্তির মেয়াদ আগামী ১০ জানুয়ারি শেষ হওয়ার কথা। নতুন করে চুক্তির মেয়াদ বাড়ানো না গেলে শুল্কহার আবারও বেড়ে যেতে পারে।
বিবৃতিতে বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান, সুইজারল্যান্ড ও সিঙ্গাপুরের পণ্যের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ শুল্কের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, তাইওয়ান, থাইল্যান্ড ও ভারতের পণ্যের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে।
তবে বিদ্যমান বাণিজ্য চুক্তির কারণে এসব দেশের অনেকের ক্ষেত্রে শুল্কহার প্রস্তাবিত সর্বোচ্চ সীমার চেয়ে কম হবে। ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের সঙ্গে ১৫ শতাংশ শুল্কসীমা নির্ধারণে সমঝোতা হয়েছে। মালয়েশিয়ার ক্ষেত্রে এ সীমা ১৯ শতাংশ।
মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘আমরা জানি, চীন এসব পদক্ষেপ পছন্দ করে না। তবে আমরা চীনের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চাই। চীনও আমাদের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়।’ গত সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠককে ‘খুবই ভালো’ বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে বেইজিং ‘বাণিজ্যযুদ্ধের’ বিরোধিতা পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগও নাকচ করেছে দেশটি। তবে পাল্টা শুল্ক আরোপের কোনো হুমকি দেয়নি চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘তথাকথিত অতিরিক্ত উৎপাদন সক্ষমতার বিষয়টি একটি মিথ্যা ইস্যু। রাজনৈতিক উদ্দেশ্যে এটিকে অজুহাত হিসেবে ব্যবহারের বিরোধিতা করে চীন।’ বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির দেশকে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার আহ্বানও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, চীন ছাড়াও বাংলাদেশ, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনামের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে আপাতত নতুন শুল্কের আওতার বাইরে রাখা হয়েছে মেক্সিকো ও নরওয়েকে।
নতুন শুল্ক নির্ধারণের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর করা বাণিজ্য চুক্তি বিবেচনায় নেওয়া হবে। এ ছাড়া আগের কয়েক দফা শুল্কের সঙ্গে নতুন শুল্ক যোগ হবে না। ফলে অনেক দেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে পণ্য রফতানির ব্যয় ব্যাপকভাবে বাড়বে না বলে ধারণা করা হচ্ছে।
নতুন শুল্কের সম্ভাবনা বুধবার বৈশ্বিক শেয়ারবাজারেও প্রভাব ফেলেছে। প্রযুক্তি খাতের নেতৃত্বে বাজারে চলমান উত্থানের গতি কমে আসার মধ্যে বিশ্বজুড়ে শেয়ারের এমএসসিআই সূচক ০ দশমিক ৫ শতাংশ কমেছে।
আইএনজি ব্যাংকের বিশ্লেষকেরা লিখেছেন, ‘শুল্ক আরোপের আইনি যুক্তি বারবার পরিবর্তিত হলেও যুক্তরাষ্ট্রের সুরক্ষাবাদী নীতি থেকে সরে আসা ক্রমেই কঠিন হয়ে উঠছে—এটি আরেকবার মনে করিয়ে দিল।’
সূত্র: রয়টার্স
বিভি/টিটি













মন্তব্য করুন: