• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নতুন মজুরি কাঠামোয় দক্ষিণ এশিয়ায় এগিয়ে বাংলাদেশ, ছাড়িয়ে গেল ভারত-পাকিস্তানকে

প্রকাশিত: ১৪:১১, ২৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:১২, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নতুন মজুরি কাঠামোয় দক্ষিণ এশিয়ায় এগিয়ে বাংলাদেশ, ছাড়িয়ে গেল ভারত-পাকিস্তানকে

বাংলাদেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মাসিক মজুরি ১৭ হাজার টাকা (প্রায় ১৩৯ মার্কিন ডলার) নির্ধারণ করা হয়েছে। আগের ১২ হাজার ৫০০ টাকা মজুরির তুলনায় এবারের বৃদ্ধি ৩৬ শতাংশ। ডলারের হিসাবে আগের আনুমানিক ১০১ ডলারের মজুরি বেড়ে ১৩৯ ডলারে উন্নীত হওয়ায় পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরিতে প্রতিবেশী ভারত ও পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে মালিক, শ্রমিক ও নিরপেক্ষ প্রতিনিধিদের নিয়ে চূড়ান্ত বৈঠক শুরু হয়। টানা ১২ ঘণ্টার ম্যারাথন আলোচনা শেষে বুধবার (২৫ নভেম্বর) ভোররাত ২টায় এই নতুন কাঠামোর ঘোষণা দেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

বৈঠকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গ্রেডের মজুরি নিয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হলেও সর্বনিম্ন অর্থাৎ চতুর্থ গ্রেডের মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। পরবর্তীতে বাংলাদেশ শ্রম বিধিমালা অনুযায়ী ছয় সদস্যের বোর্ডে গোপন ব্যালটে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে এবং দুই সদস্য ১৮ হাজার টাকার পক্ষে ভোট দিলে ১৭ হাজার টাকাই চূড়ান্ত হয়।

নতুন গ্রেডভিত্তিক মজুরি কাঠামো
মজুরি বোর্ডের ঘোষিত প্রস্তাবনা অনুযায়ী, তৈরি পোশাক খাতের চারটি গ্রেডে মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য ১৭ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডের শ্রমিকদের জন্য ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বোর্ডের চেয়ারম্যান ও শ্রমিক প্রতিনিধিরা জানিয়েছেন, চূড়ান্ত গেজেট প্রকাশের আগে শ্রম মন্ত্রণালয় চাইলে এই হার আরও কিছুটা পুনর্বিবেচনা বা বৃদ্ধি করার এখতিয়ার রাখে।

মজুরি বৃদ্ধির এই ঘোষণায় শ্রমিক প্রতিনিধিরা কিছুটা অসন্তুষ্টি প্রকাশ করেছেন। অন্যদিকে, মালিকপক্ষের মতে, গ্যাস-বিদ্যুতের সংকট ও ক্রয়াদেশ কমে যাওয়ার এই সময়ে ৩৬ শতাংশ মজুরি বৃদ্ধি কারখানাগুলোর ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি করবে।

প্রতিবেশী ও প্রতিযোগী দেশগুলোর সঙ্গে মজুরির তুলনা  
নতুন এই মজুরি কাঠামো কার্যকর হওয়ার পর আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রধান প্রতিযোগী দেশগুলোর তুলনায় মজুরির চিত্রে বড় পরিবর্তন এসেছে। আন্তর্জাতিক ক্রেতা ও শিল্পসংশ্লিষ্ট সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী শ্রমিকদের ন্যূনতম মজুরিতে প্রতিবেশী ভারত ও পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ।

ভারত ও পাকিস্তান: এতদিন বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি (প্রায় ১০১-১০২ ডলার) দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের চেয়ে কম ছিল। ভারতে বাংলাদেশের মতো পুরো দেশের তৈরি পোশাক খাতের জন্য একক কোনো জাতীয় ন্যূনতম মজুরি কাঠামো নেই। দেশটিতে রাজ্য সরকারগুলো স্থানীয় জীবনযাত্রার ব্যয়, দক্ষতা এবং শিল্পাঞ্চলের ধরন অনুযায়ী আলাদাভাবে ন্যূনতম মজুরি নির্ধারণ করে। শিল্পসংশ্লিষ্ট সংস্থাগুলোর গড় হিসাব অনুযায়ী, মার্কিন ডলারে এই মজুরির পরিমাণ দাঁড়ায় প্রায় ১২৪ ডলার (ক্ষেত্রবিশেষে অঞ্চলভেদে ১১৫ থেকে ১৩০ ডলার)।

অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানে প্রায় ১৩৫ মার্কিন ডলার। এছাড়া পাকিস্তানের পোশাক খাতে একটি বড় চ্যালেঞ্জ হলো—সরকারিভাবে ন্যূনতম মজুরি ঘোষণা করা হলেও অপ্রাতিষ্ঠানিক খাত এবং ছোট-মাঝারি কারখানাগুলোতে তা পুরোপুরি বাস্তবায়িত হয় না। ফলে প্রকৃত অর্থে অনেক শ্রমিক এর চেয়েও কম বেতনে কাজ করেন। বাংলাদেশের নতুন মজুরি প্রায় ১৩৯ ডলারে পৌঁছানোয় এখন ভারত ও পাকিস্তান—উভয় দেশকেই পেছনে ফেলল বাংলাদেশ।

মিয়ানমার: বাংলাদেশের আরেক প্রতিবেশী ও সম্ভাব্য প্রতিযোগী মিয়ানমারে পোশাক শ্রমিকদের মজুরি এখনো অনেক কম। সেখানে শ্রমিকদের দৈনিক মজুরি ৪ ডলারের নিচে, যা মাসিক হিসাবে প্রায় ১০০ থেকে ১১০ ডলারের আশপাশে থাকে।

ভিয়েতনাম ও কম্বোডিয়া: দক্ষিণ-পূর্ব এশিয়ার শীর্ষ প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশ এখনো কিছুটা পিছিয়ে রয়েছে। বিশ্ববাজারে বাংলাদেশের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামে পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি অঞ্চলভেদে প্রায় ১৬৩ মার্কিন ডলার। এছাড়া কম্বোডিয়ায় পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি আরও বেশি। সম্প্রতি কম্বোডিয়ায় পোশাক শ্রমিকদের মজুরি ২১০ ডলার থেকে বাড়িয়ে ২১২ ডলার করা হয়েছে। পাশাপাশি মাসিক ২.৫ ডলার অস্থায়ী যাতায়াত ভাতা বহাল থাকায় কার্যকর ভিত্তি দাঁড়াচ্ছে ২১৪.৫ ডলার। নতুন কাঠামো আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
 
পোশাক তৈরির শ্রম ব্যয়ে তৃতীয় সর্বনিম্ন অবস্থানে বাংলাদেশ
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর প্রকাশিত হিসাব অনুযায়ী, তুলনীয় ছয়টি দেশের মধ্যে পোশাক তৈরির সরাসরি শ্রম ব্যয়ের দিক থেকে বাংলাদেশের অবস্থান তৃতীয় সর্বনিম্ন। ভিয়েতনামে প্রতি পোশাকে শ্রম ব্যয় সবচেয়ে কম, যা ০.৩১৪ ডলার। এরপর পাকিস্তানে প্রতি পোশাকে শ্রম ব্যয় দাঁড়িয়েছে ০.৩৬৪ ডলারে। বাংলাদেশের ক্ষেত্রে এই ব্যয় ০.৩৭৫ ডলার এবং ভারতে ০.৩৭৮ ডলার। অন্যদিকে চীনে প্রতি পোশাকে শ্রম ব্যয় ০.৫৪২ ডলার হলেও সবচেয়ে বেশি ব্যয় দেখা গেছে কম্বোডিয়ায়, যেখানে প্রতি পোশাকে শ্রম ব্যয় ০.৬২৪ ডলার।

বাংলাদেশের পোশাকশিল্পের প্রেক্ষাপটে ভারত ও বাংলাদেশের শ্রম ব্যয়ের তুলনাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি পোশাকে শ্রম ব্যয় ০.৩৭৫ ডলার এবং ভারতে একই ব্যয় ০.৩৭৮ ডলার। ফলে দুই দেশের সরাসরি শ্রম ব্যয়ের ব্যবধান মাত্র ০.০০৩ ডলার। অর্থাৎ, প্রতি পিস পোশাক তৈরিতে ভারতের তুলনায় বাংলাদেশে সামান্য কম শ্রম ব্যয় হয়। তবে প্রতিযোগিতামূলক এই বাজারে পাকিস্তান ও ভিয়েতনামে বাংলাদেশের চেয়েও কম শ্রম ব্যয়ে পোশাক তৈরি হচ্ছে।

খাতসংশ্লিষ্টদের মতে, নতুন এই মজুরি কাঠামো শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় মেটাতে কিছুটা স্বস্তি দেবে এবং আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের শ্রমমানের ভাবমূর্তি উজ্জ্বল করবে। তবে বিশ্ববাজারে প্রতিযোগিতা ধরে রাখতে হলে মজুরি বৃদ্ধির পাশাপাশি কারখানার উৎপাদনশীলতা বাড়ানো, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং বন্দর ও কাস্টমস প্রক্রিয়া সহজ করার ওপর জোর দিতে হবে।

বিভি/এমএফআর

মন্তব্য করুন: