• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

উদ্যোক্তাদের জন্য এসএমই মেলায় ব্যাংকের সহায়তা, কী কী সুবিধা পাচ্ছেন

প্রকাশিত: ১৫:১৬, ২৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:১৬, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
উদ্যোক্তাদের জন্য এসএমই মেলায় ব্যাংকের সহায়তা, কী কী সুবিধা পাচ্ছেন

ভালো আইডিয়া আর পরিশ্রম করার মানসিকতা থাকা সত্ত্বেও পুঁজির অভাবে অনেকের স্বপ্ন শুরুতেই আটকে যায়। আবার ছোট্ট পরিসরে শুরু করা ব্যবসাও মূলধনের টানাপোড়েনে বড় হতে পারে না। এই বাস্তবতা বদলাতে এখন বিকল্প অর্থায়ন, স্বল্প সুদের এসএমই ঋণ এবং জামানতবিহীন সহায়তার মতো পথগুলো খতিয়ে দেখছেন উদ্যোক্তারা।

চলমান জাতীয় এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্প) মেলায় কেবল পণ্যের প্রদর্শনীই হচ্ছে না, বরং নতুন উদ্যোক্তাদের জন্য বসেছে ঋণ সহায়তা ও আর্থিক পরামর্শের এক বিশাল মিলনমেলা।

ব্যাংক যেভাবে ঋণ দিয়ে পাশে দাঁড়ায়
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য এসএমই খাতে বিশেষ ঋণ তহবিল বা পুনঃঅর্থায়ন স্কিম রয়েছে। এর আওতায় নতুন উদ্যোক্তাদের সহজ শর্তে ও কম সুদে (সাধারণত ৪ থেকে ৭ শতাংশ বা বাজারদরের চেয়ে কম সুদে) ঋণ দেওয়া হয়। বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য রয়েছে জামানতবিহীন ঋণের সুবিধা। এ ছাড়া স্টার্টআপ ফান্ড, কটেজ ও মাইক্রো উদ্যোগের জন্য টার্ম লোন বা ওয়ার্কিং ক্যাপিটাল—সব ধরনের আর্থিক সহায়তাই দিচ্ছে ব্যাংকগুলো।

মেলায় এসে ঋণের তথ্য জানবেন যেভাবে
আপনি যদি একজন নতুন বা সম্ভাব্য উদ্যোক্তা হন, তবে মেলার ব্যাংকার্স জোন বা ব্যাংকগুলোর নিজস্ব স্টল হতে পারে আপনার জন্য সবচেয়ে বড় তথ্যকেন্দ্র। মেলায় অংশ নেওয়া সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকের স্টলে গিয়ে আপনি সরাসরি ঋণ কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে পারবেন।

আপনার ব্যবসার ধরন ও পুঁজির চাহিদা জানালে কর্মকর্তারা আপনাকে উপযুক্ত ঋণ স্কিমের সন্ধান দেবেন। ঋণ পেতে কী কী কাগজপত্র (যেমন—ট্রেড লাইসেন্স, এনআইডি, ব্যাংক স্টেটমেন্ট বা প্রজেক্ট প্রোফাইল) প্রয়োজন, তার একটি চেকলিস্ট সংগ্রহ করতে পারবেন। অনেকের কাগজপত্রে ছোটখাটো ত্রুটি থাকলে বা প্রজেক্ট প্রোফাইল তৈরি না থাকলে কীভাবে তা প্রস্তুত করতে হবে, সে বিষয়েও তাৎক্ষণিক পরামর্শ বা গ্রুমিং সুবিধা মিলছে মেলার স্টলগুলো থেকে। 

ব্যাংকগুলো কী ধরনের সুবিধা দিচ্ছে?
মেলায় অংশ নেওয়া ব্যাংকগুলো নতুন উদ্যোক্তাদের আকৃষ্ট করতে নানা ধরনের প্যাকেজ নিয়ে হাজির হয়েছে। কম সুদহার, প্রসেসিং ফি মওকুফ এবং দ্রুত সময়ের মধ্যে ঋণ অনুমোদনের প্রতিশ্রুতি দিচ্ছেন কর্মকর্তারা।

এ বিষয়ে মেলায় অংশ নেওয়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর প্রতিনিধি আবুল কালাম জানান, উদ্যোক্তাদের অনেকেই জানেন না বেসরকারি ব্যাংক থেকেও লোন পাওয়া যায়। অনেকেই স্থানীয় এনজিও ও সরকারি ব্যাংকের শাখায় ঋণের জন্য যোগাযোগ করেন। তিনি বলেন, “২৮ বছরের কম বয়সী নতুন ও তরুণ উদ্যোক্তাদের সহজ অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দিতে এমটিবি সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ দিচ্ছে। আমাদের স্টলে আসলে উদ্যোক্তারা তাদের ব্যবসার ধরণ বুঝে কোন ক্যাটাগরিতে ঋণ পাওয়ার যোগ্য তা বুঝতে পারবেন। এরপর তারা নিজ এলাকায় আমাদের ব্যাংকের শাখা থেকে ঋণের জন্য আবেদন করতে পারবেন।”

অঞ্চলভিত্তিক উদ্যোক্তাদের ঋণ দিয়ে সহায়তা করতে ট্রাস্ট ব্যাংকের রয়েছে ‘ট্রাস্ট একতা’ স্কিম। মেলায় ট্রাস্ট ব্যাংকের স্টলে দায়িত্বরত এক কর্মকর্তা জানান, এই স্কিমের মাধ্যমে ট্রাস্ট ব্যাংক অঞ্চলভিত্তিক ক্ষুদ্র ও হস্তশিল্প উদ্যোক্তাদের ক্লাস্টারভিত্তিক গ্রুপ ঋণ দিয়ে সহায়তা করে। তিনি বলেন, “নকশিকাঁথা,গামছা ও মৃৎশিল্পের মতো পণ্য নিয়ে কাজ করা উদ্যোক্তাদের ৫ থেকে ২০ জনের গ্রুপে ১ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়। ২০–৬০ বছর বয়সী ও ন্যূনতম ২ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতাসম্পন্ন উদ্যোক্তারা এতে অংশ নিতে পারেন, যেখানে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সুদের হার রয়েছে।” 

এছাড়া দেশের অন্যান্য ব্যাংকও ক্ষুদ্র, মাঝারি ও নতুন উদ্যোক্তাদের জন্য নানা ধরনের ঋণ ও অর্থায়ন প্যাকেজ নিয়ে এগিয়ে এসেছে। বিশেষ করে নারী উদ্যোক্তা, গ্রামীণ ও অঞ্চলভিত্তিক ক্ষুদ্র ব্যবসা, কৃষি ও কুটির শিল্প এবং স্টার্টআপ খাতের জন্য আলাদা বিশেষ স্কিম চালু রয়েছে, যেখানে তুলনামূলক কম সুদ, সহজ কিস্তি এবং বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধার মতো বিষয়গুলো যুক্ত থাকছে।

ফলে একজন উদ্যোক্তার জন্য এখন শুধু একটি ব্যাংকের ওপর নির্ভর না করে নিজের ব্যবসার ধরন, প্রয়োজনীয় পুঁজি ও শর্ত অনুযায়ী বিভিন্ন ব্যাংকের প্যাকেজ যাচাই করে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। সঠিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নিতে পারলে প্রতিযোগিতামূলক সুদ ও অনুকূল শর্তে তহবিল সংগ্রহ করা আগের চেয়ে অনেকটাই সহজ হচ্ছে।

ঋণ পেতে উদ্যোক্তাদের মূল বাধা কোথায়?
ব্যাংকগুলো ঋণ দিতে প্রস্তুত থাকলেও অনেক সময় নতুন উদ্যোক্তারা প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় ঋণ পান না। মূলত প্রাতিষ্ঠানিক কাগজপত্রের ঘাটতি, ব্যবসার সঠিক হিসাব না রাখা এবং ব্যাংকিং লেনদেনের রেকর্ড না থাকার কারণেই অধিকাংশ আবেদন আটকে যায়।

ব্যাংক কর্মকর্তাদের মতে, পুঁজির খোঁজে ব্যাংকে যাওয়ার আগেই উদ্যোক্তাদের প্রাথমিক প্রস্তুতি নেওয়া জরুরি। অন্তত ট্রেড লাইসেন্স করা, ব্যবসার নামে একটি ব্যাংক হিসাব খোলা এবং প্রতিদিনের আয়-ব্যয়ের হিসাব খাতায় লিখে রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলেই এসএমই মেলার মতো প্ল্যাটফর্ম থেকে কাঙ্ক্ষিত ব্যাংক ঋণ পাওয়া অনেক সহজ হয়ে উঠবে।

বিভি/এমএফআর

মন্তব্য করুন: