আবারও সভা ডেকেছে পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ড
সেই সঙ্গে সিদ্ধান্ত হয়, প্রতিটি গ্রেডের শ্রমিকের নিম্নতম মজুরি নির্ধারণের পর সেই গ্রেডের কোনো শ্রমিকের প্রাপ্ত মজুরি সমন্বয়ের প্রয়োজন হলে, সে ক্ষেত্রে ন্যূনতম দুই হাজার টাকা এর সঙ্গে সমন্বয় করা হবে।
ফের সভা ডেকেছে গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হার নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ড।
আগামীকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
এদিকে মঙ্গলবার (২৪ নভেম্বর) বোর্ডের চতুর্থ সভায় তৈরি পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। এটি আগে ছিল ১২ হাজার ৫০০ টাকা।
বোর্ডের আলোচনায় সব সদস্যের সর্বসম্মতিক্রমে তিনটি গ্রেডের মজুরি নির্ধারণ করা হয়। যেখানে শ্রমিকদের জন্য সর্বোচ্চ গ্রেড-১-এ নিম্নতম মজুরি সাড়ে ২১ হাজার, গ্রেড-২-এ ২০ হাজার ও গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া সর্বনিম্ন গ্রেড-৪-এর বিষয়ে বোর্ড সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে নিম্নতম মজুরি নির্ধারণ করা হয় ১৭ হাজার টাকা।
সেই সঙ্গে সিদ্ধান্ত হয়, প্রতিটি গ্রেডের শ্রমিকের নিম্নতম মজুরি নির্ধারণের পর সেই গ্রেডের কোনো শ্রমিকের প্রাপ্ত মজুরি সমন্বয়ের প্রয়োজন হলে, সে ক্ষেত্রে ন্যূনতম দুই হাজার টাকা এর সঙ্গে সমন্বয় করা হবে।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) দীর্ঘ প্রায় সাড়ে ৯ ঘণ্টার আলোচনায় মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি দিতে চেয়েছিল ১৫ হাজার ৮০০ টাকা। অন্যদিকে শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা প্রস্তাব করেছিল।
বিভি/টিটি













মন্তব্য করুন: