জন্ম নিয়ন্ত্রণে ঘরে বসে নারীরাই নিতে পারবেন ইনজেকশন
জন্ম নিয়ন্ত্রণে গর্ভনিরোধক ইনজেকশন নিতে প্রতি তিন মাস পরপর নারীদের আর স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে না। এবার নিজেরাই প্রয়োগ করতে পারবেন এ ইনজেকশন।
এ ধরনের একটি ইনজেকশন বাজারে এনেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ‘মেডোজেন সাবকিউ’ নামের ইনজেকশনটি ১২ থেকে ১৪ সপ্তাহ পরপর ত্বকের নিচে প্রয়োগ করতে হবে।
প্রতিষ্ঠানটির দাবি, এটি বিশ্বের প্রথম জেনেরিক এবং বাংলাদেশের প্রথম স্ব-প্রয়োগযোগ্য গর্ভনিরোধক ইনজেকশন। এর মাধ্যমে জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীর ওপর নারীদের নির্ভরতা কমবে। পাশাপাশি নিজের প্রজননস্বাস্থ্য নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বাড়বে।
ইনজেকশনটিতে রয়েছে মেড্রোক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট (ডিএমপিএ) ১০৪ মিলিগ্রাম। প্রচলিত একই ধরনের মাংসপেশিতে প্রয়োগযোগ্য ইনজেকশনের তুলনায় এতে প্রায় ৩০ শতাংশ কম মাত্রার ওষুধ ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। জন্মনিয়ন্ত্রণের পাশাপাশি এন্ডোমেট্রিওসিসজনিত ব্যথা নিয়ন্ত্রণেও এটি ব্যবহার করা যায়। তবে ব্যবহারের আগে নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে ইনজেকশনটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি অধ্যাপক ফিরোজা বেগম বলেন, স্ব-প্রয়োগযোগ্য এ পদ্ধতি নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় নতুন সম্ভাবনা তৈরি করবে। জন্মনিয়ন্ত্রণের পাশাপাশি এন্ডোমেট্রিওসিসের চিকিৎসায় এটি ব্যবহারে চিকিৎসাব্যয় ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত কমতে পারে।
অধ্যাপক ফিরোজা বেগম বলেন, শুধু নতুন প্রযুক্তি উদ্ভাবন করলেই হবে না, এর সুফল প্রান্তিক নারীদের কাছেও পৌঁছে দিতে হবে।
এ জন্য স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও তথ্য দিতে হবে। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের নারীদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
অনুষ্ঠানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির বলেন, ১৩ থেকে ১৪ বছর গবেষণার পর পণ্যটি তৈরি করা হয়েছে। এটি বর্তমানে বিশ্বের ১০০টির বেশি দেশে রপ্তানি ও বিক্রি হচ্ছে।
তিনি বলেন, ইনজেকশন তৈরির ডিভাইসের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে নিজেদের কারখানায় ডিভাইস তৈরির উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এ জন্য ৬০ থেকে ৭০ মিলিয়ন ডলারের বিনিয়োগ সুরক্ষার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক সায়েবা আক্তার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক মারুফ সিদ্দিকী। অনুষ্ঠানে পাঁচ শতাধিক স্ত্রীরোগ বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।
বিভি/টিটি













মন্তব্য করুন: