• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

খেজুর, আপেল ও কমলাজাতীয় ফল আমদানিতে শুল্ক কমলো কতো শতাংশ?

প্রকাশিত: ০৮:২৭, ২৬ নভেম্বর ২০২৬

আপডেট: ০৮:৩০, ২৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
খেজুর, আপেল ও কমলাজাতীয় ফল আমদানিতে শুল্ক কমলো কতো শতাংশ?

ছবি: কোলাজ

রমজানকে সামনে রেখে খেজুর, আপেল ও কমলাজাতীয় ফল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার। খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। একইভাবে আপেল ও কমলা আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে শুল্ক কমানোর প্রজ্ঞাপন জারির আগেই বেশি দামে খেজুর আমদানি করায় এখনই বাজারে এর প্রভাব পড়ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, রমজানে এসব ফলের দাম কম থাকবে।

সারা বছর খেজুরের চাহিদা থাকলেও রমজানে এর কদর বেড়ে যায় কয়েকগুণ। ইফতারের অন্যতম অনুষঙ্গ হওয়ায় রমজান মাসে খেজুরের দাম নিয়ে বাড়তি উদ্বেগ থাকে সাধারণ ভোক্তাদের। আমদানি শুল্ক বেশি থাকায় সারা বছর অনেকের নাগালের বাইরে থাকলেও রমজানে অন্তত সীমিত পরিমাণে খেজুর কেনার চেষ্টা করেন ক্রেতারা।

সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ২৫ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার। এ বিষয়ে গত ২৩ নভেম্বর গেজেট জারি করা হয়েছে। আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত এ শুল্ক সুবিধা কার্যকর থাকবে।

এদিকে, আপেল ও কমলা আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ করা হয়েছে। তবে এসব ফল আমদানিতে শুল্ক ছাড় কার্যকর হবে দুই মাস পর। এ সুবিধা ৩১ দিন পর্যন্ত বহাল থাকবে।

সরকারের শুল্ক কমানোর প্রজ্ঞাপন জারির পরও বাজারে এখনো খেজুরের দাম কমেনি। খুচরা ও পাইকারি ক্রেতাদের অভিযোগ, আগের দামেই কিনতে হচ্ছে খেজুর। পাইকারি ব্যবসায়ীদের দাবি, বেশি শুল্ক দিয়ে আমদানি করা খেজুরের মজুত এখনো বাজারে রয়েছে। ফলে নতুন শুল্ক সুবিধার প্রভাব তাৎক্ষণিকভাবে পড়ছে না।

সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফল ব্যবসায়ী সমিতি। ব্যবসায়ী নেতাদের আশা, রমজানে ভোক্তারা কম দামে খেজুর, আপেল ও কমলা কিনতে পারবেন।

তবে বাজার বিশ্লেষকদের মতে, শুধু রমজানকে কেন্দ্র করে নয়, সারা বছরই এসব খাদ্যপণ্যের আমদানি পর্যায়ে কর কমানো উচিত। রাজস্ব আদায়ে বিকল্প পন্থা গ্রহণের মাধ্যমে ভোক্তাদের স্বস্তি দেওয়ার তাগিদ দিয়েছেন তারা।

তথ্য অনুযায়ী, দেশে বছরে প্রায় ১ লাখ থেকে ১ লাখ ১০ হাজার টন খেজুরের চাহিদা রয়েছে। এর মধ্যে শুধু রমজান মাসেই প্রয়োজন হয় প্রায় ৬০ থেকে ৭০ হাজার টন খেজুর।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত