বাড়তি খরচ নয়, ব্যবসা বড় করার চাবিকাঠি ক্রেডিট রেটিং
রাজধানীর এসএমই মেলার রঙিন স্টলগুলোর মাঝে দাঁড়িয়ে নিজের তৈরি পণ্যগুলো গুছিয়ে রাখছিলেন তরুণ উদ্যোক্তা তাকরিম। চামড়াজাত পণ্য নিয়ে নতুন কিছু করার স্বপ্ন থাকলেও ব্যবসা বড় করার পুঁজি নিয়ে তার দুশ্চিন্তার শেষ নেই। মেলার নানা আলোচনায় বারবার 'ক্রেডিট রেটিং' শব্দটি কানে এলেও, এটি আসলে কী বা তার মতো ছোট উদ্যোক্তার জন্য এর প্রয়োজনীয়তা কতটুকু—তা নিয়ে তার কোনো স্পষ্ট ধারণা নেই।
অন্যদিকে, মাঠপর্যায়ের একজন ব্যাংকারের অভিজ্ঞতায় উঠে আসে পুরো চিত্রের আরেক বাস্তবতা। টাঙ্গাইল জেলার মধুপুরে রাষ্ট্রায়ত্ব একটি ব্যাংকের শাখায় কর্মরত আছেন আল-আমিন। ঋণ দিতে গিয়ে অনেক সময়ই তিনি দেখেন, নতুন বা ক্ষুদ্র উদ্যোক্তাদের একটি অংশ ঋণ নিয়ে তা যথাযথভাবে পরিশোধ করেন না। তিনি বলেন, “ঝুঁকি এড়াতে ব্যাংকগুলো স্বাভাবিকভাবেই পুরোনো ও পরীক্ষিত বড় গ্রাহকদের দিকে বেশি ঝুঁকে পড়ে। এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়ে সেইসব নতুন ও সৎ উদ্যোক্তাদের ওপর, যারা সত্যিই ভালো কাজ করতে চান কিন্তু আস্থার সংকটে প্রয়োজনীয় পুঁজি থেকে বঞ্চিত হন।”
ক্রেডিট রেটিং কী?
এই আস্থার সংকট কাটাতেই সামনে আসে ক্রেডিট রেটিংয়ের ধারণা। সহজভাবে বললে, এটি একটি প্রতিষ্ঠান বা উদ্যোক্তার আর্থিক সক্ষমতা, লেনদেনের স্বচ্ছতা, দায় পরিশোধের ইতিহাস এবং ব্যবসায়িক ঝুঁকি মূল্যায়নের এক ধরনের বিশ্বাসযোগ্য সনদ। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে একটি ভালো ক্রেডিট রেটিং একজন উদ্যোক্তার হয়ে কথা বলে—যা প্রমাণ করে যে এই ব্যবসায় বিনিয়োগ বা ঋণ দেওয়া কতটা নিরাপদ। ফলে অজানা ঝুঁকির কারণে ঋণ আটকে যাওয়ার প্রবণতা কমে এবং যোগ্য উদ্যোক্তাদের ঋণ পাওয়ার পথ সুগম হয়।
বিভিন্ন ক্যাটেগরির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে ভাগ করা হয়ে থাকে। এটি একপ্রকার মার্কিং সিস্টেম। যেমন ‘এএএ’, ‘’বিএ’, ‘সি’ ইত্যাদি। প্রতিষ্ঠানের মূলধন, আমানত, দেশি ও বৈদেশিক বিনিয়োগের খাত, ঋণের খাত, ঋণ পরিশোধের হার ইত্যাদি সূচক বিবেচনায় নিয়ে এটি নির্ধারণ করা হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে, যারা বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং করে থাকে। বাংলাদেশে স্থানীয়ভাবেও বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে, যারা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং সনদ দিচ্ছে। সাধারণত আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তির ভিত্তিতে, অনেক সময় নির্দিষ্ট ফি-এর বিনিময়ে তারা এই রেটিং করে থাকে।
ঋণ পেতে ক্রেডিট রেটিং কেন জরুরি?
খাতসংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য ক্রেডিট রেটিং উদ্যোক্তাদের জামানত বা কোল্যাটারালের চাপ ছাড়াই তুলনামূলক কম সুদে ব্যাংক ঋণ পেতে সরাসরি সহায়তা করে। ছোট ও মাঝারি উদ্যোক্তাদের বড় একটি বাধা হলো প্রয়োজনীয় সম্পদ বা জামানতের ঘাটতি; কিন্তু একটি ইতিবাচক রেটিং ঋণদাতা প্রতিষ্ঠানকে এই নিশ্চয়তা দেয় যে উদ্যোক্তার নগদ প্রবাহ, আর্থিক শৃঙ্খলা ও পরিশোধের সক্ষমতা সন্তোষজনক। ফলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যখন বুঝতে পারে যে ঝুঁকি তুলনামূলক কম, তখন তারা শর্ত শিথিল করা, ঋণের পরিমাণ বাড়ানো কিংবা সুদের হার কিছুটা সহনীয় পর্যায়ে রাখার বিষয়ে ইতিবাচক অবস্থান নিতে পারে।
ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (CRAB)-এর চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আলীম আল রাব্বি বাংলাভিশনকে বলেন, “ক্রেডিট রেটিং মূলত একজন ব্যবসায়ীর ঋণ গ্রহণ এর সক্ষমতা যাচাই বাছাই করে। তবে ঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠানই ঋণ প্রদান এর সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে রেটিং করার সময় একটি ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা এবং চলমান লেনদেন, ব্যাঙ্কিং চ্যানেল এর লেনদেন, ব্যবসার ইতিহাসের মতো বিষয়গুলো নিরীক্ষা করে দেখা হয়। সেক্ষেত্রে একটি ভালো রেটিং থাকা মানে সেই ব্যবসার আর্থিক সক্ষমতা মজবুত হওয়ার সম্ভবনা বেশি।”
অনেক উদ্যোক্তা ক্রেডিট রেটিং করানোকে বাড়তি খরচ বা অনাবশ্যক ঝামেলা হিসেবে দেখেন। তবে রেটিংয়ের জন্য শুরুতে যে ব্যয় হয়, তা যথাযথভাবে কাজে লাগাতে পারলে কম সুদে অর্থায়ন, দ্রুত ঋণ অনুমোদন, সরবরাহকারী ও অংশীদারদের আস্থা বৃদ্ধি এবং ব্যবসার সম্প্রসারণের মাধ্যমে সেই খরচ সহজেই পুষিয়ে নেওয়া সম্ভব। এ প্রসঙ্গে আলীম আল রাব্বি বলেন, “ক্রেডিট রেটিং সম্বন্ধে সঠিক ধারণা তৈরি করতে আমরা ইতোমধ্যে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছি। আমরা মাঠ পর্যায়ে উদ্যোক্তাদের সাথে যোগাযোগ বৃদ্ধির জন্য দল গঠন করেছি ও "আর্থিক শিক্ষা" মডিউল তৈরি করেছি। এছাড়া বিভিন্ন ব্যাংকের শাখা পর্যায়ে কর্মরত অফিসারদের জন্য ক্রেডিট রেটিং সংক্রান্ত কিছু ট্রেনিংও শুরু করা হয়েছে।”
পুরো এই প্রক্রিয়ায় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু ক্ষুদ্রঋণ খাতের এই নিয়ন্ত্রক সংস্থা সরাসরি উদ্যোক্তাদের কাছে গিয়ে ঋণ বিতরণ করে না। সংস্থাটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এমআরএ মূলত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারকি করে, নিয়মনীতি তৈরি করে এবং জবাবদিহিতা নিশ্চিত করে। এমআরএ সরাসরি উদ্যোক্তাদের সাথে কাজ না করলেও, তারা যে নীতিমালা, সুদের হারের কাঠামো, তদারকি বা তথ্য ব্যবস্থাপনা গড়ে তোলে—তার সরাসরি প্রভাব গিয়ে পড়ে উদ্যোক্তাদের ঋণ পাওয়া ও ব্যবসায়িক পরিবেশের ওপর।
অর্থনীতিবিদরা বলছেন, একটি দেশের সামগ্রিক অর্থনীতিতে ক্রেডিট রেটিং আর্থিক স্বচ্ছতা ও আস্থার ভিত্তি তৈরি করে, যা ব্যাংক খাতে খেলাপি ঋণের ঝুঁকি কমিয়ে সুস্থ ও নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করে। এর ফলে পুঁজির সঠিক ব্যবহার বাড়ে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে পুরো বাজারের বিশ্বাসযোগ্যতা দৃঢ় হয়।
বিভি/এমএফআর













মন্তব্য করুন: