শেয়ার লেনদেন নিষ্পত্তিতে নতুন পদ্ধতি, কার্যকর ৪ জানুয়ারি
আগামী ৪ জানুয়ারি থেকে পুঁজিবাজারে শেয়ার লেনদেন নিষ্পত্তির সময় একদিন কমিয়ে টি-প্লাস ওয়ান পদ্ধতি চালু হচ্ছে। বর্তমানে চালু থাকা টি-প্লাস টু পদ্ধতির পরিবর্তে নতুন এ ব্যবস্থা কার্যকর হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) নতুন কার্যালয় উদ্বোধন ও আয়োজিত ‘নিউ আইপিওস, নিউ অপরচুনিটিজ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মাসুদ খান বলেন, পুঁজিবাজারকে আরও গতিশীল, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করতে নতুন আইপিও বিধিমালাসহ বেশ কিছু সংস্কার উদ্যোগ নিয়েছে কমিশন। ভালো কোম্পানির তালিকাভুক্তি বাড়ানোর পাশাপাশি বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় গুরুত্ব দেওয়া হচ্ছে।
এছাড়া মিউচুয়াল ফান্ড খাতের সম্প্রসারণ, বন্ড মার্কেট সক্রিয় করা এবং ডে-ট্রেডিং চালুর বিষয়েও কাজ করছে বিএসইসি।
তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বেসরকারি খাতের সমস্যা সমাধানে সহায়ক ভূমিকা রাখতে চায় কমিশন।
বিভি/টিটি













মন্তব্য করুন: