জামায়াত আমীরের আপত্তিকর পোস্টের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে দেওয়া আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় নেতাকর্মীরা সংশ্লিষ্ট বক্তব্যের জন্য নারীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।
রবিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, যেখানে নারীর মর্যাদা রক্ষা ও আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি তারা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই বক্তব্য নারীদের প্রতি অবমাননাকর ও অগ্রহণযোগ্য।
সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জামায়াত আমিরকে অবশ্যই নারীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তা না হলে ছাত্রদল আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী যদি রাজনৈতিকভাবে শক্তি অর্জন করে, তবে তা শুধু নারীসমাজ নয়, দেশের সামগ্রিক গণতান্ত্রিক পরিবেশের জন্যও হুমকিস্বরূপ হবে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, অ্যাকাউন্ট হ্যাক হওয়ার যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, সেটি গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, এই ঘটনার মধ্য দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির মানসিকতা প্রকাশ পেয়েছে।
তিনি আরও বলেন, এর আগেও একাধিক নির্বাচনে অংশ নিয়ে জামায়াত আমির উল্লেখযোগ্য জনসমর্থন পাননি, যা জনগণের অবস্থান স্পষ্ট করে।
এ সময় বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একাধিক নেতা বক্তব্য দেন।
উল্লেখ্য, শনিবার রাতে ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের ঘরের বাইরে কাজ করাকে ‘আধুনিক পতিতাবৃত্তি’র সঙ্গে তুলনা করে একটি পোস্ট দেওয়া হয়। পরে তিনি দাবি করেন, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। পরবর্তীতে অ্যাকাউন্ট উদ্ধার করে আরেকটি পোস্টে তিনি জানান, হ্যাক হওয়া অবস্থায় প্রকাশিত তথ্যগুলো সম্পূর্ণ ভুয়া ও মনগড়া।
বিভি/এজেড



মন্তব্য করুন: