• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

ইসলামনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ জাবি শিক্ষার্থীর মৃত্যু

সাইফুল আহসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৮:৫৯, ২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ইসলামনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ জাবি শিক্ষার্থীর মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ইসলামনগর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম আবর্তনের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা মো. সাইফুল ইসলাম রনি মারা গেছেন। রবিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম সিদ্দিক রনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে ইসলামনগর এলাকার একটি ভবনের দ্বিতীয় তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ মোট চারজন দগ্ধ হন। দগ্ধ অন্যরা হলেন আব্দুস সোবহান রায়, হাসিনুর ও রাহাত।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই কক্ষে অবস্থানরত চারজনই দগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় সাইফুল ইসলাম রনি ও হাসিনুরকে তাৎক্ষণিকভাবে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অপর দুইজনকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকদের বরাতে জানা গেছে, রনির শরীরের বিভিন্ন অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলো।

বিভি/এসজি

মন্তব্য করুন: