নতুন সিদ্ধান্ত, ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়!
ছবি: ফাইল ফটো
পবিত্র রমজান মাসের দীর্ঘ ছুটির পর শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। ছুটি শেষে টানা ১০টি শনিবার দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন উপপরিচালক (প্রাক-প্রাথমিক ও একীভূত শিক্ষা) মো. জয়নাল আবেদীন।
অফিস আদেশে বলা হয়েছে, রমজান মাসজুড়ে ছুটি থাকায় শিক্ষার্থীদের পাঠদানে যে ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ছুটি শেষে নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরুর পর পরবর্তী ১০টি শনিবারও বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালু থাকবে।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানান, নির্ধারিত পাঠপরিকল্পনা যথাসময়ে সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৮ মার্চ থেকে ছুটি শুরু হয়। আগামী ২৯ মার্চ থেকে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
বিভি/এমআর



মন্তব্য করুন: