দায়িত্ব গ্রহণ করলেন কুয়েটের নতুন ভিসি অধ্যাপক ড. মো. মাছুদ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. মাছুদ। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সংক্ষিপ্ত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে অধ্যাপক ড. এম এম এ হাশেম, অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রফেসর ড. হারুন অর রশিদ, অধ্যাপক ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, অধ্যাপক ড. শাহজাহান আলী, অধ্যাপক ড. আব্দুর রফিক, অধ্যাপক ড. কাজী মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. আবু ইউসুফ, অধ্যাপক ড. কাজী হামিদুল বারী, অধ্যাপক ড. মোহাম্মদ হাসান আলী, অধ্যাপক ড. সাইদুল ইসলাম, অধ্যাপক ড. আওলাদ হোসেন এবং অধ্যাপক ড. মো. সালাউদ্দিন ইউসুফসহ অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে অধ্যাপক ড. মো. মাছুদ ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ভিসি হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে ২০২৫ সালের এপ্রিল মাসে ছাত্র আন্দোলনের মুখে তাকে ভিসি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আন্দোলন চলাকালে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটে বলে জানা যায়। এরপর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের কথা বলে অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।
পরে গত বছরের ২০ জুলাই বুয়েটের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মাকসুদ আলী হেলালীকে ভিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনি দায়িত্ব গ্রহণের পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানা যায়।
বর্তমানে নতুন ভিসির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ক্যাম্পাসে কিছুটা স্বস্তি ফিরেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: