খুবিতে চুরির অপবাদে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) এলাকায় চুরির অপবাদ দিয়ে আজমল নামে এক শিক্ষার্থীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে । শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টা ৩৫ মিনিটের দিকে বেধড়ক পেটানোর পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তাকে ফেলে পালিয়ে যায় ঘাতক শিক্ষার্থীরা। এরপর চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করে।
হাসপাতালের কর্মচারীদের তথ্য অনুযায়ী, আজমলকে হাসপাতালে আনার সময় সঙ্গে থাকা ব্যক্তিরা দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের চারতলা থেকে লাফ দিয়ে পড়ে তিনি আহত হয়েছেন। তবে চিকিৎসকরা আজমলের শরীরে একাধিক আঘাত ও গুরুতর জখমের চিহ্ন পেয়েছেন। এমনকি তার মাথার চুলও কেটে দেওয়া হয়েছিলো। এসব আলামত থেকে ধারণা করা হচ্ছে, তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে।
হাসপাতালের ভর্তি রেজিস্টার অনুযায়ী, নিহতের নাম আজমল, বাবার নাম কুতুব এবং ঠিকানা খুলনার হরিণটানা থানার গল্লামারি এলাকা। নিহত শিক্ষার্থী খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যায়নরত ছিলেন ।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং নিহতের পরিবারের সঙ্গে কথা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিভি/এআই













মন্তব্য করুন: