১১টি কলমে ‘শৈল্পিক’ নকল, প্রশংসা করলেন শিক্ষক!
ছবি: সেই ১১টি বলপয়েন্ট কলম
চোখে দেখলে সাধারণ ১১টি বলপয়েন্ট কলম। কিন্তু একটু খেয়াল করলেই দেখা যাবে, স্বচ্ছ প্লাস্টিকের গায়ে খোদাই করা রয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের বিশাল সিলেবাস! নকল করার জন্য স্পেনের মালাগা বিশ্ববিদ্যালয়ের এক আইন শিক্ষার্থীর এমন কাণ্ড এখনো আলোচনায়।
ঘটনাটি কয়েক বছর আগের। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ইয়োলান্ডা দে লুচ্চি এক পরীক্ষায় শিক্ষার্থীর কাছ থেকে ১১টি BIC কলম জব্দ করেন। প্রতিটি কলমের স্বচ্ছ প্লাস্টিকের গায়ে অত্যন্ত ক্ষুদ্র অক্ষরে ফৌজদারি কার্যবিধির বিষয়বস্তু খোদাই করা ছিলো। এ জন্য ওই শিক্ষার্থী যন্ত্র হিসেবে মেকানিক্যাল পেন্সিলের সিসের বদলে একটি সুচ ব্যবহার করেছিলেন বলে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়।
বহু বছর নিজের অফিসে কলমগুলো রেখে দেওয়ার পর ২০২২ সালে পরিষ্কার করতে গিয়ে সেগুলো আবার খুঁজে পান দে লুচ্চি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশ করে তিনি ঘটনাটিকে বিশ্ববিদ্যালয়ের একটি ‘স্মৃতিচিহ্ন’ হিসেবে উল্লেখ করেন। সূক্ষ্ম কাজটির প্রশংসা করে তিনি লিখেছিলেন, ‘ক্রিমিনাল প্রসিডিউরাল ল’ ইন BIC পেন—কী শিল্প!’
কলমগুলোর কারুকাজ দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকে সেই শিক্ষার্থীর দক্ষতায় মুগ্ধ হন। কলমগুলোর গায়ে এমন নিখুঁত শিল্পকর্ম ফুটিয়ে তুলতে ওই ছাত্রের অবিশ্বাস্য ধৈর্য ও নির্ভুলতার প্রয়োজন হলেও, তিনি শেষমেশ পরীক্ষায় ফেল করেন এবং তাকে পুরো শিক্ষাবর্ষটি আবার নতুন করে পড়তে হয়েছিলো বলে জানা যায়।
মালাগা বিশ্ববিদ্যালয়ের বর্তমান তথ্যেও ইয়োলান্ডা দে লুচ্চিকে প্রসিডিউরাল ল-এর অধ্যাপক হিসেবে উল্লেখ করা হয়েছে। সূত্র: নিউজউইক
বিভি/এমআর













মন্তব্য করুন: