• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মাভাবিপ্রবিতে তিন শিক্ষার্থীর উদ্যোগে স্মার্ট কার্ড প্রকল্প

হাসিব এম. প্রিন্স, মাভাবিপ্রবি

প্রকাশিত: ২৩:০৮, ২০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মাভাবিপ্রবিতে তিন শিক্ষার্থীর উদ্যোগে স্মার্ট কার্ড প্রকল্প

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) স্মার্ট ক্যাম্পাস বাস্তবায়নের লক্ষ্যে ‘স্মার্ট কার্ড প্রজেক্ট’ চালু করেছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী। প্রায় দেড় থেকে দুই মাসের পরিকল্পনা, গবেষণা ও উন্নয়ন শেষে প্রকল্পটির প্রাথমিক বাস্তবায়ন সম্পন্ন হয়েছে।

প্রকল্পে শিক্ষার্থীদের স্টুডেন্ট আইডি কার্ড হিসেবে মাইফেয়ার ডিইএসফায়ার ইভি৩ (MIFARE DESFire EV3) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এ প্রযুক্তির মাধ্যমে নিরাপদ অথেনটিকেশন ও লেনদেনের পাশাপাশি বিভিন্ন ক্যাম্পাস সেবা পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রকল্পের অংশ হিসেবে একটি পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনও তৈরি করা হয়েছে।

প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের পুরোনো ওয়ার্ডপ্রেসভিত্তিক ওয়েব পোর্টালকে ডায়নামিক ওয়েব পোর্টালে রূপান্তর করা হয়েছে। নতুন পোর্টালে ড্যাশবোর্ডসহ বিভিন্ন সুবিধা যুক্ত করা হয়েছে।

উদ্যোক্তারা জানান, স্মার্ট কার্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় নগদ অর্থ ছাড়াই পেমেন্টের ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে মেডিকেল সেন্টারে টপ-আপ ও চেক-ইন, লাইব্রেরি থেকে বই উত্তোলন ও ফেরত, ডিজিটাল উপস্থিতি, আবাসিক হলে প্রবেশ, খাবারের টোকেন ক্রয় এবং দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণসহ বিভিন্ন সেবা এই কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটির ব্যাকএন্ড লিড নূর মাহমুদ উল আলম তাসিন, সফটওয়্যার ডেভেলপমেন্ট ও ইউআই/ইউএক্স ডিজাইন লিড মো. তাহের শেখ এবং হার্ডওয়্যার লিড অনিমেষ বরুয়া মুগ্ধ।

প্রকল্পটির প্রিন্সিপাল ইনভেস্টিগেটর অধ্যাপক ড. এএসএম দেলোয়ার হোসাইন। কো-ইনভেস্টিগেটর হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মতিউর রহমান ও অধ্যাপক ড. মেহেদী হাসান তালুকদার।

প্রকল্পের বিষয়ে মো. তাহের শেখ বলেন, “এটি শুধু একটি ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থা নয়। মাভাবিপ্রবি ক্যাম্পাসকে ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ স্মার্ট ক্যাম্পাস ইকোসিস্টেমে রূপান্তর করাই আমাদের লক্ষ্য।”

উদ্যোক্তাদের প্রত্যাশা, প্রকল্পটির পরিকল্পিত সেবাগুলো পর্যায়ক্রমে যুক্ত করা হলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও শিক্ষার্থীসেবা আরও প্রযুক্তিনির্ভর ও সমন্বিত করা সম্ভব হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত