তৃতীয় দিনের মতো চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন ও মানববন্ধন কর্মসূচি
কোনও কারণ দর্শানো ছাড়াই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পদে আকস্মিক পরিবর্তন আনার সিদ্ধান্তের প্রতিবাদে চুয়েট ক্যাম্পাসে চলা শাটডাউন কর্মসূচি তৃতীয় দিনে গড়িয়েছে। গত দুইদিন ধরে বিক্ষোভ ও ক্যাম্পাসে গণস্বাক্ষর কর্মসূচির পর দাবি আদায়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মানববন্ধন করছে চুয়েটের শিক্ষার্থীরা।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য নিয়োগ ও অব্যাহতি সংক্রান্ত জারিকৃত প্রজ্ঞাপনসমূহ প্রত্যাহার করে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম-কে চুয়েটের উপাচার্য পদে পুনর্বহালের দাবি না মানা পর্যন্ত এই শাটডাউন কর্মসূচি চলবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। ফলে বিশ্ববিদ্যালয়টির সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি অচল হয়ে গেছে। শিক্ষার্থীদের এই আন্দোলনে একাত্মতা জানিয়েছে চুয়েট শিক্ষক সমিতি ও চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনও।
গত ২৭ জুলাই চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। ২১ সেপ্টেম্বর রাতে হঠাৎ এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দায়িত্ব থেকে সরিয়ে কুয়েটের ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই আকস্মিক রদবদলের পরে বিশ্ববিদ্যালয় জুড়ে অসন্তোষ ও আন্দোলনের শুরু হয়।
বিভি/এসজি













মন্তব্য করুন: