• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা কলেজে একাদশের ক্লাস শুরু, নবীনদের পদচারণায় মুখর ক্যাম্পাস

মো. ওবায়দুল্লাহ, ঢাকা কলেজ

প্রকাশিত: ১৭:০০, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ঢাকা কলেজে একাদশের ক্লাস শুরু, নবীনদের পদচারণায় মুখর ক্যাম্পাস

২০২৬-২৭ শিক্ষাবর্ষে ঢাকা কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। নতুন শিক্ষার্থীদের পদচারণায় বৃহস্পতিবার সকাল থেকেই মুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। এদিন নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা কলেজের শহীদ আ. ন. ম. নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নিয়ে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আখতারুজ্জামান ও অধ্যাপক বিথিয়া সঞ্চিতা সমাদ্দার। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, ‘২০০ বছরের পুরোনো ঢাকা কলেজের সঙ্গে অন্য কোনো কলেজের তুলনা হয় না। ঢাকা কলেজ শুধু বাংলাদেশের নয়, এই বাংলার অন্যতম প্রাচীন কলেজ। ঢাকা কলেজ ইতিহাস সৃষ্টি করে, ঢাকা কলেজ মেধাবী সৃষ্টি করে।’

লেখক ও শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদের বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকা কলেজের একটি সেকশনে যত মেধাবী ছাত্র আছে, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়েও এত মেধাবী ছাত্র নেই।’

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, ‘আজ তোমরা যেখানে বসে আছো, ক্লাস করছো, সেখানে হয়তো কোনো বিখ্যাত সাহিত্যিক, রাজনীতিবিদ কিংবা বিজ্ঞানী ক্লাস করেছেন।’

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘ঢাকা কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্ম। পাশাপাশি এই কলেজের মাধ্যমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিরও জন্ম।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু মেধা ও মননশীলতার চর্চা করলেই হবে না; নীতি-নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক মূল্যবোধ মেনে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।

অধ্যক্ষ আরও বলেন, বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি ঢাকা কলেজের ছাত্র ও শিক্ষক ছিলেন। এছাড়া মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমও ঢাকা কলেজের শিক্ষার্থী ছিলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।

নবীন শিক্ষার্থী সিয়াম বলেন, ‘সকালে প্রথমে কলেজে এসে পরে ক্লাসে গিয়েছি। শিক্ষকদের বক্তব্য শুনেছি। আগে থেকেই ঢাকা কলেজ সম্পর্কে জানতাম। এটি একটি সুপরিচিত কলেজ এবং প্রতিষ্ঠান হিসেবে এর গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। এখানে ভর্তি হতে পেরে ভালো লাগছে।’

তিনি আরও বলেন, ‘আশা করি ঢাকা কলেজ কর্তৃপক্ষ ভালো সুযোগ-সুবিধা দেবে। কলেজে ভালো পাঠদান, ক্লাব কার্যক্রম ও সহশিক্ষা কার্যক্রম রয়েছে। ভবিষ্যতে আমি মেডিকেলে পড়তে চাই।’

আরেক নবীন শিক্ষার্থী শাকিল আহমেদ বলেন, ‘আজকের দিনটা খুবই ভালো কেটেছে। নতুন অনেকের সঙ্গে দেখা হয়েছে, শিক্ষকদের সঙ্গেও পরিচয় হয়েছে। অনেকে সহযোগিতা করেছেন। প্রথমে কিছুটা ভয় লাগছিল। আগে থেকেই চাইতাম ইন্টারমিডিয়েটে এই কলেজে পড়ব। এখন ভর্তি হতে পেরে খুব আনন্দ লাগছে।’

প্রথম দিন ছেলেকে কলেজে নিয়ে আসা অভিভাবক শংকর রায় বলেন, ‘আমরা নতুন, আজই প্রথম কলেজে এসেছি। ঢাকা কলেজের পরিবেশ দেখে খুবই ভালো লেগেছে। ছেলেকে ঢাকা কলেজে ভর্তি করাতে পেরে আমাদেরও ভালো লাগছে। আমরা বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে এসেছি। ঢাকা কলেজকে ঘিরে আমাদের প্রত্যাশা অনেক। ছেলে ভালোভাবে লেখাপড়া করে ভালো ফল করবে এবং ভবিষ্যতে আরও উচ্চ পর্যায়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা।’

আরেক অভিভাবক বলেন, ‘আমি নিজে এই কলেজে ভর্তি হতে না পারলেও সন্তানকে ভর্তি করাতে পেরে খুবই উচ্ছ্বসিত। কলেজের সার্বিক শৃঙ্খলা ও পরিবেশ দেখে খুব ভালো লেগেছে।’

নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে এদিন ঢাকা কলেজ ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। নতুন বন্ধু, নতুন শ্রেণিকক্ষ ও নতুন শিক্ষাজীবনের শুরুতে উচ্ছ্বাস-উদ্দীপনায় দিন কাটান শিক্ষার্থীরা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত