• NEWS PORTAL

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিক শিক্ষক নিয়োগে সুপারিশপ্রাপ্তদের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

প্রকাশিত: ২২:২৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
প্রাথমিক শিক্ষক নিয়োগে সুপারিশপ্রাপ্তদের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত কিন্তু নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে তারা এ ঘোষণা দেন।

এর আগে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রী ও সচিবের সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে যায়। তবে সেখানে সংশ্লিষ্ট কারও সাক্ষাৎ না পাওয়ার অভিযোগ করেছেন প্রতিনিধিদলের সদস্যরা। তাদের দাবি, সচিবালয়ে গিয়ে তারা অবহেলার শিকার হয়েছেন।

সচিবালয় থেকে ফিরে প্রতিনিধিদলের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি নিয়ে কথা বলেন আরমানুল রহমান। তিনি জানান, অতিরিক্ত জেলা প্রশাসকের পরামর্শে তারা সচিবালয়ে গিয়েছিলেন। তবে সেখানে কোনো সাড়া না পাওয়ায় শাহবাগে ফিরে আসেন।

আরমানুল রহমান বলেন, ‘আইন বা নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে আমাদের বঞ্চিত করা হলেও আন্দোলন চালিয়ে যাব। এটি আমাদের জন্য জীবন-মরণের প্রশ্ন। চাকরির আশায় দীর্ঘ সময় অপেক্ষা করার পর নিয়োগ না পাওয়ায় আমাদের জীবন-জীবিকা অনিশ্চয়তার মুখে পড়েছে। নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত সবাই অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।’

আন্দোলনকারীরা জানান, রবিবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন। পরে বেলা ১১টার দিকে মিছিল নিয়ে শাহবাগে গিয়ে অবস্থান নেন তারা। ‘নিয়োগবঞ্চিত শিক্ষকবৃন্দ’ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অনেক প্রার্থী অংশ নেন।

প্রার্থীদের দাবি, গত ২৪ সেপ্টেম্বর থেকে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের নিয়োগপত্র দেওয়া শুরু হলেও বিভিন্ন জেলায় শত শত প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি। যাচাই-বাছাইয়ের পর দুই হাজারের বেশি চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থী বাদ পড়েছেন বলেও দাবি করেন তারা।

নিয়োগপত্র না পাওয়ায় চাকরি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলে জানান আন্দোলনকারীরা। তাদের দাবি, চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত সবাইকে নিয়োগপত্র না দেওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

এদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের দ্রুত নিয়োগপত্র দেওয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। একই সঙ্গে রাজনৈতিক পরিচয় বা সংশ্লিষ্টতার কারণে কোনো প্রার্থীকে নিয়োগ থেকে বাদ দেওয়া হলে তা নিয়ে নতুন করে আন্দোলনের পরিস্থিতি তৈরি হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রবিবার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। দলটির কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত