ডেঙ্গু প্রতিরোধে ঢাকা কলেজ ছাত্রশিবিরের মশক নিধন ওসচেতনতা কর্মসূচি
ঢাকা কলেজে ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পাসে মশক নিধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা।
রবিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় কলেজের বিজয় চত্ত্বর থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
এ সময় ছাত্রশিবিরের শাখা সভাপতি মোস্তাকিম আহম্মেদ সাধারণ সম্পাদক সাইমুন ইসলাম সানি এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক তাওহীদুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে ছাত্রশিবিরের নেতাকর্মীরা পুরো ক্যাম্পাস ও হলপাড়ার বিভিন্ন স্থানে মশক নিধনের জন্য কীটনাশক স্প্রে করেন। পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন তাঁরা। বিশেষ করে যেসব স্থানে পানি জমে মশার বংশবিস্তারের আশঙ্কা রয়েছে, সেসব স্থান পরিষ্কারের ওপর গুরুত্ব দেন নেতাকর্মীরা।
এ সময় তারা ক্যাম্পাসের আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নিজেদের আবাসস্থল ও আশপাশে যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।
ঢাকা কলেজ ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকিম আহম্মেদ বলেন, আমাদের ক্যাম্পাসের হল ও মেসগুলোতে ইদানীং অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। শুধু শিক্ষার্থীই নয়, অনেক সাধারণ মানুষও এতে আক্রান্ত হচ্ছেন। আমরা চাই না ক্যাম্পাসে ডেঙ্গুর মতো এই মহামারি বিস্তার লাভ করুক বা শিক্ষার্থীরা কোনো দুর্ভোগের শিকার হোক। তাই ক্যাম্পাসকে ডেঙ্গুমুক্ত রাখতে ও রোগ প্রতিরোধে আমাদের আজকের এই উদ্যোগ।
তিনি আরও বলেন, আমাদের মূল উদ্দেশ্য এই কর্মসূচির মাধ্যমে সবাইকে সচেতন করা। এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে বংশবৃদ্ধি করে। আজকের অভিযানের মাধ্যমে আমরা এ ধরনের জমে থাকা পানি ও মশার প্রজননস্থলগুলো ধ্বংস করব। সাধারণ শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি সিটি কর্পোরেশনের সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় কাজগুলো সম্পন্ন করব। ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানান তিনি।
শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাইমুন ইসলাম সানি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে আমরা এ কার্যক্রম পরিচালনা করছি। কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পানি জমেছে। এসব জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা জন্ম নিচ্ছে এবং সেখান থেকেই মশার বংশবিস্তার হচ্ছে। এর ফলে ক্যাম্পাসসহ ঢাকা শহরে ডেঙ্গু মহামারির আকার ধারণ করেছে।
তিনি বলেন, মূলত আমাদের ক্যাম্পাসে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ও কার্যকর ব্যবস্থা না থাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি।
বিভি/এআই













মন্তব্য করুন: