• NEWS PORTAL

  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

চীনের উশিতে বরণ করে নেয়া হলো বাংলাদেশি নবীন শিক্ষার্থীদের

প্রকাশিত: ১৯:৫৮, ৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
চীনের উশিতে বরণ করে নেয়া হলো বাংলাদেশি নবীন শিক্ষার্থীদের

চীনের জিয়াংসু প্রদেশের উশি (Wuxi) শহরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে এবং উশি বাংলাদেশ কমিউনিটির আয়োজনে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে এক সুন্দর ও আনন্দঘন নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার স্থানীয় সময় বিকাল ৪টায় অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা নিজেদের নাম এবং বাংলাদেশের নিজ নিজ জেলার পরিচয় তুলে ধরে একে অপরের সঙ্গে পরিচিত হন। এই পরিচয়পর্বের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়।

পরিচয়পর্ব শেষে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষাজীবন, গবেষণা, ক্যারিয়ার, দক্ষতা উন্নয়ন এবং বিদেশে জীবনযাপন সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অভিজ্ঞ সিনিয়র শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে একাডেমিক ও উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শ প্রদান করেন জিয়াংনান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী উইন। গবেষণা ও উচ্চশিক্ষার অভিজ্ঞতা তুলে ধরেন পোস্টডক্টরাল গবেষক ড. মারুফ আহমেদ। ভবিষ্যৎ ক্যারিয়ার ও কর্মজীবন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাহতাব। পড়াশোনা ও শেখার কৌশল নিয়ে আলোচনা করেন মাশরাফি। অন্যদিকে, ভ্রমণ এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম (Extra-curricular Activities) সম্পর্কে নিজের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন ইশতিয়াক আহমেদ ।

এছাড়াও উশিতে বসবাসরত অভিজ্ঞ সিনিয়র শিক্ষার্থী ও বিভিন্ন পেশায় কর্মরত বাংলাদেশিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষাবিষয়ক, চাকরি ও ক্যারিয়ার, প্রযুক্তি এবং সাংস্কৃতিক কার্যক্রম সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাঁদের বাস্তব অভিজ্ঞতা, পরামর্শ ও মূল্যবান আলোচনা নবীন শিক্ষার্থীদের চীনে উচ্চশিক্ষা, পেশাগত দক্ষতা অর্জন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগায়।

অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য প্রদান করেন জিয়াংনান বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ। তিনি তাঁর শিক্ষাজীবনের অভিজ্ঞতা, স্মৃতি ও উপলব্ধি নতুন শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন।

অনুষ্ঠানের একপর্যায়ে সিনিয়র শিক্ষার্থীদের উদ্যোগে উপস্থিত সবার জন্য খাবারের আয়োজন করা হয়। একসঙ্গে খাবার গ্রহণের মধ্য দিয়ে সবাই আনন্দঘন সময় কাটান। পরবর্তীতে নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা একত্রে গ্রুপ ফটোসেশনে অংশগ্রহণ করেন এবং স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও দায়িত্বে ছিলেন রাজু ও শাদ। তাঁদের পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন উশি ইনস্টিটিউট অব টেকনোলজি, জিয়াংনান বিশ্ববিদ্যালয় এবং উশি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা।

বিদেশের মাটিতে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো, সিনিয়রদের অভিজ্ঞতা থেকে উপকৃত হওয়ার সুযোগ তৈরি করা এবং বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

চীনের উশিতে বাংলাদেশি শিক্ষার্থীদের এই সুন্দর মিলনমেলা শুধু একটি নবীনবরণ অনুষ্ঠানই নয়, বরং নতুনদের জন্য এক নতুন যাত্রার সূচনা, যেখানে সিনিয়রদের অভিজ্ঞতা ও সহযোগিতা নবীনদের ভবিষ্যৎ পথচলাকে আরও সমৃদ্ধ করবে।

প্রবাসের মাটিতে আমরা একে অপরের শক্তি, সহযোগিতা ও অনুপ্রেরণা—এই বন্ধন অটুট থাকুক।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত