• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বেরোবির ৩ শিক্ষক, এক শিক্ষার্থী

রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৭:২৮, ৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বেরোবির ৩ শিক্ষক, এক শিক্ষার্থী

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় জায়গা করে নিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তিন শিক্ষক ও এক শিক্ষার্থী। ২০২৬ সালের একক বছরের গবেষণার ভিত্তিতে প্রকাশিত তালিকায় তাদের নাম রয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্বের শীর্ষ গবেষকদের এ তালিকা প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার যৌথভাবে তালিকাটি প্রকাশ করেছে।

তালিকার তথ্য অনুযায়ী, বাংলাদেশের ৮৮টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে মোট ৩৪৭ জন গবেষক বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন।

বেরোবি থেকে তালিকায় স্থান পাওয়া শিক্ষকরা হলেন—ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. ফেরদৌস রহমান, সহযোগী অধ্যাপক হাসান আলী এবং দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবু রেজা তৌফিকুল ইসলাম। এ ছাড়া শিক্ষার্থী হিসেবে একই বিভাগের অভিজিৎ ঘোষও তালিকায় স্থান পেয়েছেন।

ধারাবাহিকভাবে পঞ্চমবারের মতো এ তালিকায় স্থান পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন অধ্যাপক ড. আবু রেজা তৌফিকুল ইসলাম। তিনি বলেন, “আমার এই অর্জন পরিবার, সহগবেষক, শিক্ষার্থী, সহকর্মী ও সব সহযোগীর প্রতি উৎসর্গ করছি। তাদের সহযোগিতা ও অনুপ্রেরণা আমার এই পথচলার মূল শক্তি। জ্ঞান সৃষ্টি ও সমাজের কল্যাণে গবেষণার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত রাখতে চাই।”

নিজের সফলতার কারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অধ্যাপক ড. ফেরদৌস রহমান বলেন, “শত ব্যস্ততা ও দাপ্তরিক কাজের মধ্যেও প্রতিদিন নিয়ম করে নিজের বিভাগ ও গবেষণাগারে সময় দিয়েছি। এই অর্জন আমার জন্য আনন্দ ও গর্বের পাশাপাশি বড় দায়িত্বেরও। ভবিষ্যতে তরুণ গবেষকদের সঙ্গে কাজ করে নতুন জ্ঞান ও উদ্ভাবন সৃষ্টি এবং দেশের জন্য কার্যকর প্রযুক্তি উন্নয়নে অবদান রাখতে চাই।”

এদিকে, বাংলাদেশের তালিকায় প্রথম স্থানে রয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক মির্জা হাসানউজ্জামান। দ্বিতীয় স্থানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মুনতাসির মুর্শেদ, তৃতীয় স্থানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. তরিকুল ইসলাম, চতুর্থ স্থানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মুহাম্মদ আশরাফুল আলম এবং পঞ্চম স্থানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের গবেষক এম. খালিদ হোসেন রয়েছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত