উন্নয়ন বাধাগ্রস্ত করার অপচেষ্টা প্রতিহত করা হবে: নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য
বাংলাদেশের উন্নয়ন মুষ্টিমেয় কয়েকজন মানুষের জন্য থেমে থাকবে না। উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করার সব অপচেষ্টা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। রবিবার (২২ নভেম্বর) দেশব্যাপী নৈরাজ্য, নাশকতা ও সহিংসতার প্রতিবাদে সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, ‘যারা বিভিন্ন ইস্যু সামনে এনে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন, আমার মনে হয়, তাদের সুনির্দিষ্ট কোনো এজেন্ডাও নেই। আর যদি তারা মনে করেন, দেশের প্রচলিত আইনে তারা বঞ্চিত হয়েছেন, তাহলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। তারা সেখানে যাচ্ছেন না কেন? সেখান থেকে ন্যায়বিচার নিয়ে আসছেন না কেন?’
যুবসমাজকে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করার অভিযোগ তুলে তিনি বলেন, ‘অনেকেই কালো টাকার মাধ্যমে দেশের যুবসমাজকে বিপথগামী করে তাদের দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। আমি তাদের বলতে চাই, কারও প্ররোচনায় নিজের বিবেক বিকিয়ে দেবেন না। দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করুন। আমরা ধনে-ধান্যে-পুষ্পে ভরা বাংলা চাই, ধ্বংসস্তূপ চাই না।’
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বলেন, ‘গত ১৭ বছরে যারা অপকর্ম করেছেন, তাদের মধ্যে কোনো অনুশোচনা বা আফসোস নেই। তারা নতুন করে আবারও তাদের ফ্যাসিবাদী শাসনপদ্ধতি আমাদের ওপর চাপিয়ে দিতে চান।’
তিনি আরও বলেন, ‘আপনারা গণতান্ত্রিক অধিকার চর্চা করুন। বর্তমান সময়ে গণতান্ত্রিক চর্চায় কোনো অন্তরায় সৃষ্টি করা হয়নি। সব রাজনৈতিক দল তাদের মতপ্রকাশ করতে পারছে। গত ১৭ বছরে আপনারা যে অপকর্ম করেছেন, তার খেসারত দিন। কিছুদিন চুপ থাকুন। অনুগ্রহ করে এই শান্তিপূর্ণ অবস্থাকে অশান্ত করার চেষ্টা করবেন না। নৈরাজ্য কখনো একটি জাতির জন্য ভবিষ্যৎ বয়ে আনতে পারে না।’
কর্মসূচিতে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. তানজিল হোসেন, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
বিভি/ক্যাম্পাস/পিএইচ













মন্তব্য করুন: