গবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেনের সভাপতিত্বে একাডেমিক ভবনের মিলনায়তন সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
অনুষ্ঠানে অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘ক্যালেন্ডারের অন্যান্য দিনের মতো ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ও মহত্ত্ব এক রকম নয়। এ দিনের গুরুত্ব ও ইতিহাস মুছে দেওয়ার জন্য গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী সরকার প্রচেষ্টা চালিয়েছিল। কিন্তু ইতিহাসের সত্যকে দীর্ঘস্থায়ীভাবে চাপা দিয়ে মুছে ফেলা যায় না।
‘স্বাধীনতা-পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত তৎকালীন সরকারের ব্যর্থতার কারণে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন, প্রশাসনিক নতুন রূপরেখা বাস্তবায়ন এবং দেশের অর্থনৈতিক পুনর্জাগরণের ক্ষেত্রে সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি। তৎকালীন সরকারের অব্যবস্থাপনা, অনভিজ্ঞতা এবং একই সঙ্গে সরকারদলীয় নেতাকর্মীদের অর্থ-সম্পদ লুটপাট, দুর্নীতি ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের অপতৎপরতার কারণে স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ গভীর সংকটের মধ্যে পতিত হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘নতুন বাংলাদেশের বিনির্মাণে এবং রাজনৈতিক রূপান্তরের বাঁকবদলের ঘটনায় ৭ নভেম্বর একটি ঐতিহাসিক দিন। ৭ নভেম্বর বাংলাদেশের রাজনীতিতে নতুন পথনির্দেশনা তৈরি করেছিল। এই পথনির্দেশনার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে উত্থান হয়েছিল একজন নেতার। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশ বিশ্ব মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে। এর মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, শোষণমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠন।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর একটি ঐতিহাসিক দিন। ১৯৭৫ সালের রাজনৈতিক ও সামরিক অস্থিরতার প্রেক্ষাপটে এ দিন সেনাবাহিনীর সদস্যদের বিপ্লব সংঘটিত হয় এবং সৈন্যদের সঙ্গে সাধারণ জনগণ একাত্মতা ঘোষণা করার মাধ্যমে গুরুত্বপূর্ণ ক্ষমতার পালাবদল ঘটে। সে সময় তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্তি পেয়ে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি ও প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।’
তিনি আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো জাতীয় ঐক্য, সংহতি এবং দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার অঙ্গীকার। একটি দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন এবং জনগণের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক মো. শাহ আলম, বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিভি/ক্যাম্পাস/পিএইচ













মন্তব্য করুন: