• NEWS PORTAL

  • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ঢাবির শিক্ষার্থীদের বৃত্তি দিতে বিচারপতি সিকান্দার আলী ট্রাস্ট ফান্ডের মূলধন বৃদ্ধি

প্রকাশিত: ১৭:৪৬, ১৮ অক্টোবর ২০২৬

আপডেট: ১৭:৪৬, ১৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ঢাবির শিক্ষার্থীদের বৃত্তি দিতে বিচারপতি সিকান্দার আলী ট্রাস্ট ফান্ডের মূলধন বৃদ্ধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত ‘বিচারপতি সিকান্দার আলী মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড’-এর মূলধন বৃদ্ধি করা হয়েছে। এ উপলক্ষে ট্রাস্ট ফান্ডের দাতা সরওয়ার সুলতানা নতুন করে ১১ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেছেন।

রবিবার (১৮ অক্টোব) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে ১১ লাখ টাকার একটি চেক হস্তান্তর করে সরওয়ার সুলতানা।

উপাচার্যের অফিসসংলগ্ন সভাকক্ষে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তৌহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, দাতা সদস্য সরওয়ার সুলতানা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক আখতার সুলতানা।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মেধার বিকাশ ও উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সম্প্রসারণে ট্রাস্ট ফান্ড ও বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ তাঁদের পড়াশোনা অব্যাহত রাখতে এবং নিজেদের যোগ্যতা বিকাশে সহায়তা করে। সমাজের বিত্তবান ব্যক্তি, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে এলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও বেশি উপকৃত হবেন।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। মেধা ও যোগ্যতার স্বীকৃতি প্রদানের পাশাপাশি আর্থিক সীমাবদ্ধতার কারণে কোনো শিক্ষার্থী যেন উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিচারপতি সিকান্দার আলী মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের মূলধন বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে দাতা সরওয়ার সুলতানার এই অবদান প্রশংসনীয়। এ উদ্যোগের জন্য তিনি দাতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, দাতা মিসেস সরওয়ার সুলতানার উদ্যোগে ২০১৬ সালের ৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়কে ১৪ লাখ টাকা প্রদানের মাধ্যমে ‘বিচারপতি সিকান্দার আলী মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড’ প্রতিষ্ঠিত হয়। তহবিলটির মূলধন বৃদ্ধির লক্ষ্যে আরও ১১ লাখ টাকা প্রদান করায় বর্তমানে এর মোট মূলধন ২৫ লাখ টাকায় উন্নীত হয়েছে।

এই ট্রাস্ট ফান্ডের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্নাতক (সম্মান) পর্যায়ে অধ্যয়নরত অসচ্ছল ও মেধাবী একজন ছাত্র এবং একজন ছাত্রীকে বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত