• NEWS PORTAL

  • শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

চাকরি মেলা থেকে গবেষণা পুরস্কার, ২৭ অক্টোবর উৎসবে মাতবে মাভাবিপ্রবি

হাসিব এম. প্রিন্স, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৫:৪২, ২৩ অক্টোবর ২০২৬

আপডেট: ১৫:৪৩, ২৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
চাকরি মেলা থেকে গবেষণা পুরস্কার, ২৭ অক্টোবর উৎসবে মাতবে মাভাবিপ্রবি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আগামী ২৭ অক্টোবর ‘মাভাবিপ্রবি দিবস-২০২৬’ উদযাপন করা হবে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, ক্যারিয়ার ও চাকরি মেলা, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর, গবেষণা পুরস্কার প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। সকাল ১০টা ৪৫ মিনিটে উদ্বোধন করা হবে ‘মাভাবিপ্রবি ক্যারিয়ার অ্যান্ড জব ফেয়ার-২০২৬’। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

দিবসের দ্বিতীয় পর্বে বিকেলে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ও প্রযুক্তি সংস্থার সমঝোতা স্মারক স্বাক্ষর এবং গবেষণা পুরস্কার প্রদান করা হবে। 

এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। অনুষ্ঠানেও সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চাকরি মেলার মাধ্যমে শিক্ষার্থীদের সম্ভাব্য নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমানকে আহ্বায়ক এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিমকে সদস্যসচিব করে একটি মূল কমিটি ও ১৫টি উপকমিটি গঠন করা হয়েছে। 

উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম মূল কমিটি ও উপকমিটিগুলোর সঙ্গে নিয়মিত সভা করে আয়োজনের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করছেন।

উল্লেখ্য, মাভাবিপ্রবি দিবস ১৬ অক্টোবর। তবে পূজার ছুটির কারণে এবার ২৭ অক্টোবর দিবসটি উদযাপন করা হচ্ছে। এবারের আয়োজনে শিক্ষা ও গবেষণার উৎকর্ষ, উদ্ভাবনের বিকাশ, শিক্ষার্থীদের কর্মসংস্থান এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: