জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি
ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১০ জানুয়ারি শুরু হবে। পরীক্ষা চলবে ২০২৭ সালের ২১ জানুয়ারি পর্যন্ত।
শুক্র ও শনিবার বাদে অন্যান্য দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।
বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পরীক্ষার সময়সূচিসহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভর্তি পরীক্ষার ফি পরিবর্তনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে পরবর্তী সভায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এবারও বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র ও সময় পাওয়া, অতিরিক্ত ব্যয় এবং আয়োজনের নানা জটিলতার কারণে বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।
সভায় আরও সিদ্ধান্ত হয়েছে, এ বছর ভর্তি পরীক্ষার ইউনিট বিন্যাস গত বছরের মতোই থাকবে। তবে আইন বিভাগ এবার সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নেবে।
এর আগে বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা নেওয়ার সম্ভাব্যতা যাচাইয়ে গত ৮ জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসন চারটি উপকমিটি গঠন করেছিল।
এদিকে ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা এক শিফটে আয়োজনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত জানিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে চলতি শিক্ষাবর্ষে এ সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামছুল আলম।
বিভি/এআই













মন্তব্য করুন: